কাজ়ীর জন্যই ‘বিগ বস্’ দেখবেন অরিজিৎ!
‘বিগ বস্ ২০’ শুরু হওয়ার পর থেকেই প্রতিযোগীদের নিয়ে নানা আলোচনা চলছে। কারও আচরণ দর্শকের নজর কেড়েছে, আবার কাউকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এই মরসুমে কাজ়ী তৌকীর ইতিমধ্যেই নিজের প্রাণবন্ত স্বভাব এবং মজার মন্তব্যের জন্য আলাদা করে নজর কেড়েছেন। আর সেই কাজ়ীর কারণেই নাকি জীবনে প্রথম বার ‘বিগ বস্’ দেখতে চলেছেন অরিজিৎ সিংহ!
কাজ়ীর ‘আমি রকস্টার’ মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে বেশ চর্চিত। তাঁর কথাবার্তা এবং নানা মজার কাণ্ডকারখানা নিয়ে নেটপাড়ায় হাসিঠাট্টাও চলছে। কিন্তু কাজ়ীর এই জনপ্রিয়তা যে শুধু সাধারণ দর্শকের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার ইঙ্গিত মিলল অরিজিতের বক্তব্যে।
৯ সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডলে কাজ়ীর ‘বিগ বস্’-এ যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান অরিজিৎ। সেখানে তিনি লেখেন, “আমাকে জীবনে প্রথম বার ‘বিগ বস্’ দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজ়ী সেখানে রয়েছে।” অরিজিতের এই মন্তব্য থেকেই স্পষ্ট, বন্ধুকে উৎসাহ দিতেই তিনি এ বার সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো দেখার সিদ্ধান্ত নিয়েছেন।
অরিজিৎ এবং কাজ়ীর সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০০৫ সালের রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। সেই সময় থেকেই তাঁদের মধ্যে পরিচয় এবং বন্ধুত্ব তৈরি হয়। এত বছর পরেও সেই সম্পর্ক অটুট। চলতি বছর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতেও গিয়েছিলেন কাজ়ী।
এ বারের ‘বিগ বস্’ প্রতিযোগীদের তালিকায় কাজ়ী ছাড়াও রয়েছেন কনিকা মান্ন, আসিফ খান, মেরি কম, ঈশা রিখী, রীতি তিওয়ারী, আম্রপালী দুবে, লভ গিল, হর্ষ মাচারে, মাহী বীজ, তন্ময় সিংহ, অরিশফা খান, কুশল তনওয়ার, আমন গাঁধী এবং উদিতি সিংহ।
চলতি মরসুমেও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন খান। এ বার শোয়ের থিম ‘তথাস্তু’। প্রতি মরসুমে বাড়ির নকশা, প্রতিযোগী এবং খেলার নিয়মে পরিবর্তন এলেও সঞ্চালক হিসাবে সলমনের উপস্থিতি ‘বিগ বস্’-এর অন্যতম বড় আকর্ষণ।
বিশেষ করে ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে প্রতিযোগীদের সঙ্গে সলমনের কথোপকথন, রসিকতা এবং কড়া মন্তব্য দেখতে প্রতি সপ্তাহেই অপেক্ষা করেন দর্শকেরা। তবে এ বার সলমনের শোয়ে অরিজিতের নজর থাকার কারণ একটাই—তাঁর পুরনো বন্ধু কাজ়ী।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।