পাকিস্তানি বক্সার কুদরতুল্লা!
কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর গ্লাসগোয় নিখোঁজ হয়ে গিয়েছেন পাকিস্তানের বক্সার কুদরতুল্লা। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) জানিয়েছে, দেশে ফেরার নির্ধারিত বিমানে ওঠার প্রায় ছয় ঘণ্টা আগে দলের হোটেল থেকে তিনি নিখোঁজ হন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ, আর পাকিস্তান বক্সিং ফেডারেশনও প্রশাসনের সাহায্য চেয়েছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, কুদরতুল্লা নিজের পাসপোর্ট দলের ম্যানেজারের কাছেই রেখে গিয়েছিলেন। ফলে কীভাবে তিনি হোটেল ছেড়ে চলে গেলেন, তা নিয়ে ধন্দে কর্মকর্তারা। পিওএ-র এক কর্তা জানিয়েছেন, পাসপোর্ট রেখে একজন ক্রীড়াবিদের এ ভাবে উধাও হয়ে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক। কমনওয়েলথ গেমসে ৬০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন কুদরতুল্লা, তবে দ্বিতীয় রাউন্ডেই তাঁর অভিযান শেষ হয়ে যায়।
বিদেশ সফরে গিয়ে পাকিস্তানি বক্সারদের নিখোঁজ হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত চার বছরে এমন ঘটনা একাধিকবার ঘটেছে, যা পাকিস্তান বক্সিং ফেডারেশনের তদারকি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।
২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের দুই বক্সার—সুলেমান বালোচ ও নাজিরুল্লাহ খান—দলের ম্যানেজারের কাছে পাসপোর্ট রেখে নিখোঁজ হয়ে যান। এরপর ২০২৪ সালে ইতালিতে ওয়ার্ল্ড অলিম্পিক বক্সিং কোয়ালিফায়ার চলাকালীন এশিয়ান চ্যাম্পিয়ন জ়োহাইব রশিদও হোটেল থেকে উধাও হয়ে যান। অভিযোগ ছিল, তিনি সতীর্থদের টাকা ও মূল্যবান সামগ্রী নিয়েও পালিয়ে গিয়েছিলেন।
কুদরতুল্লার নিখোঁজ হওয়ার সাম্প্রতিক ঘটনায় আবারও পাকিস্তানের ক্রীড়া প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা এবং বিদেশ সফরে খেলোয়াড়দের পর্যবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে গ্লাসগো পুলিশ তাঁর সন্ধানে তদন্ত চালাচ্ছে, তবে এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?