কমনওয়েলথে বক্সিংয়ে ভারতের জোড়া সোনা!
কমনওয়েলথ গেমসে শনিবারের শুরুটা দারুণ করল ভারত। বক্সিং রিং থেকে এল জোড়া সোনার পদক, আর অ্যাথলেটিক্সের ট্রিপল জাম্পে যোগ হল একটি রুপো ও একটি ব্রোঞ্জ। প্রীতি পওয়ার এবং জৈস্মিন লম্বোরিয়া নিজেদের ফাইনাল জিতে ভারতের পদকভান্ডার সমৃদ্ধ করলেন। যদিও একই দিনে ফাইনালে নেমে জাদুমণি সিংহ সোনা জিততে পারেননি।
প্রীতির দাপটে ৫৪ কেজি বিভাগে সোনা
মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে ভারতের প্রীতি পওয়ার মুখোমুখি হন কানাডার স্কারলেট সাভানা ডেলগাডোর। শুরুতে আক্রমণাত্মক বক্সিং করেন ডেলগাডো। কিন্তু দ্রুত ম্যাচে ফিরে আসেন প্রীতি। শক্তিশালী ব্যাকহ্যান্ড, নিখুঁত আপারকাট এবং চমৎকার ফুটওয়ার্কে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি।
প্রথম দুই রাউন্ডেই পাঁচ বিচারকের কাছ থেকে পূর্ণ ১০ পয়েন্ট পান ভারতীয় বক্সার। শেষ রাউন্ডেও নিজের ছন্দ বজায় রেখে ৫-০ ব্যবধানে জিতে কমনওয়েলথের সোনার পদক নিশ্চিত করেন।
জৈস্মিনের সামনে টিকতে পারলেন না অভিজ্ঞ ওয়ালশ
প্রীতির পরই রিংয়ে নামেন জৈস্মিন লম্বোরিয়া। মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ বক্সার মিকায়েলা ওয়ালশ, যিনি ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা এবং তার আগের দুটি আসরে রুপো জিতেছিলেন।
তবে সেই অভিজ্ঞতাকে গুরুত্ব না দিয়েই শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন জৈস্মিন। ধারাবাহিক আক্রমণ এবং নিখুঁত রক্ষণে ওয়ালশকে কার্যত কোনও সুযোগই দেননি তিনি। শেষ পর্যন্ত সর্বসম্মত ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ভারতের দ্বিতীয় সোনা এনে দেন।
জাদুমণির হতাশা
দিনের শুরুটা ভারতের জন্য দুর্দান্ত হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি জাদুমণি সিংহ। নিজের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ০-৫ ব্যবধানে পরাজিত হয়ে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
দুই বক্সারের উত্থানের গল্প
ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান বক্সার হিসেবে প্রীতি পওয়ারের উত্থান গত কয়েক বছরে দ্রুত হয়েছে। বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্যের পর জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেন এবং এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে দু’বারের এশীয় চ্যাম্পিয়ন ঝাইনা শেকেরবেকোভাকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে নজর কেড়েছিলেন।
অন্যদিকে, জৈস্মিন লম্বোরিয়া প্রথম বড় সাফল্য পান ২০২২ সালের কমনওয়েলথ গেমসে, যেখানে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর এশিয়ান গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করেন। এবার সেই সাফল্যের মুকুটে যোগ হল কমনওয়েলথের সোনার পদক।
ট্রিপল জাম্পেও ভারতের জোড়া পদক
অ্যাথলেটিক্সেও ভারতের সাফল্য অব্যাহত। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল ১৬.৫৮ মিটার লাফিয়ে রুপো জিতেছেন। একই ইভেন্টে ১৬.৫২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেলভা প্রভু। ফলে দিনের শুরুতেই বক্সিং ও অ্যাথলেটিক্স মিলিয়ে ভারতের ঝুলিতে যোগ হয়েছে চারটি পদক— দুটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?