এশিয়াডে নামতেই পারলেন না বরুণ সান্যাল!
এশিয়ান গেমসে প্রথম বার মিক্সড মার্শাল আর্টস (MMA) অন্তর্ভুক্ত হয়েছে। আর সেই ঐতিহাসিক আসরেই পদকের স্বপ্ন নিয়ে গিয়েছিলেন বাংলার বরুণ সান্যাল। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই শেষ হয়ে গেল তাঁর এশিয়াড অভিযান। ওজন কমানোর চেষ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকেরা তাঁকে প্রতিযোগিতার জন্য অনুপযুক্ত ঘোষণা করেন। এই পরিস্থিতির জন্য নিজের ফেডারেশনকেই দায়ী করেছেন বরুণ।
বরুণের দাবি, এশিয়ান গেমসে যাওয়ার সিদ্ধান্তটি শেষ মুহূর্তে হওয়ায় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি তিনি। তাঁর নাম প্রথমে ভারতীয় দলের তালিকাতেও ছিল না। পরে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু জাপানে পৌঁছনোর পর থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তাঁর।
বরুণ জানিয়েছেন, ৭৭ কেজি বিভাগে নামার জন্য তাঁকে দ্রুত ওজন কমাতে হয়েছিল। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় ফেডারেশনের তরফে প্রয়োজনীয় সাহায্য পাননি। শেষ পর্যন্ত একাই ওজন কমানোর চেষ্টা করেন তিনি।
তাঁর কথায়, “দু’সপ্তাহ আগে হঠাৎ আমাকে ডাকা হয়েছিল। তাই আগে থেকে কিছুই ঠিক ছিল না। এখানে এসে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছে। নিজের ওজন কমাতে বাধ্য হয়েছিলাম। এখন বুঝতে পারছি, ভুল করেছি। কিন্তু তখন কিছু করার ছিল না। সত্যি বলতে, আমি একা ছিলাম। কেউ পাশে ছিল না।”
ওজন কমানোর জন্য সনায় গিয়েছিলেন বরুণ। এই ধরনের ওজননির্ভর খেলায় প্রতিযোগিতার আগে দ্রুত শরীরের ওজন কমাতে অনেকে ঘাম ঝরানোর পদ্ধতি ব্যবহার করেন। কিন্তু বরুণের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানা গিয়েছে। অতিরিক্ত জল কমে যাওয়ায় তাঁর শরীরে পেশিতে টান ধরে এবং তিনি জ্ঞান হারান।
রাত প্রায় ১টা নাগাদ এক নেপালি খেলোয়াড় তাঁকে ওই অবস্থায় দেখতে পান। পরে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, বরুণ প্রতিযোগিতায় নামার মতো শারীরিক অবস্থায় নেই। ফলে ৭৭ কেজি বিভাগে তাঁর নাম প্রত্যাহার করে নিতে হয়।
বরুণের অসুস্থতার খবর পেয়ে ভারতীয় মিক্সড মার্শাল আর্টস সংস্থার সভাপতি নিখিল কুন্দের-সহ অন্য কর্মকর্তারা তাঁর কাছে যান। তবে প্রতিযোগিতায় নামার অনুমতি আর মেলেনি।
এর আগেও এশিয়ান গেমসের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বরুণ। তাঁর অভিযোগ ছিল, জাপানে পৌঁছনোর পর প্রায় ১০ ঘণ্টা ঘোরাঘুরির পরে থাকার জায়গা পেয়েছিলেন। সব মিলিয়ে প্রস্তুতির পরিবেশ নিয়েও তিনি সন্তুষ্ট ছিলেন না বলে দাবি করেছেন।
প্রথম এশিয়ান গেমসে MMA-তে পদকের স্বপ্ন দেখেছিলেন বরুণ। একই আসরে ভারতের হয়ে মহিলাদের বিভাগে লড়াই করে ব্রোঞ্জ জিতেছেন সুচিকা তরিয়াল। তবে বরুণের অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।
এখন বরুণের অভিযোগ ঘিরে ফেডারেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্তি, ওজন কমানোর প্রস্তুতি এবং প্রতিযোগিতার আগে তাঁর অসুস্থতা— পুরো বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেয় সংশ্লিষ্ট সংস্থা, সেদিকেই নজর থাকবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।