মেসির উদাহরণ টেনে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন হ্যারি কেন!
বিশ্বকাপের স্বপ্ন আরও একবার অপূর্ণই থেকে গেল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারকে আর ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে কি না। তবে সেই জল্পনায় আপাতত জল ঢেলেছেন কেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা এখনই ভাবছেন না।
ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে কেন উদাহরণ টানেন লিয়োনেল মেসির। তাঁর মতে, বয়স কোনও বাধা নয়, যদি একজন ফুটবলার নিজের সেরাটা ধরে রাখতে পারেন। তাই আগামী বিশ্বকাপেও মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না ইংল্যান্ড অধিনায়ক।
কেন বলেন, “অবসর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আমি প্রতি বছর ধরে এগোতে চাই। ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার কাছে গর্বের, আনন্দের এবং সবচেয়ে বড় দায়িত্ব। দেশের জার্সি পরার অনুভূতির সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না।”
তিনি আরও বলেন, “পরের বিশ্বকাপ এখনও অনেক দূরে। তখন আমার বয়স ৩৬ হবে। কিন্তু লিয়োনেল মেসির দিকে তাকান। এই বয়সেও ও বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে অসাধারণ ফুটবল খেলছে। তাই শুধু বয়সের কারণে নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে রাখার কোনও কারণ দেখছি না। পরিস্থিতি যেমন হবে, সেভাবেই সিদ্ধান্ত নেব। আপাতত এই হারের ধাক্কা কাটিয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তবে শুধু নিজের ভবিষ্যৎ নয়, ইংল্যান্ডের হারের কারণ নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন কেন। তাঁর মতে, দল গোল করার পর অযথা রক্ষণাত্মক হয়ে পড়েছিল, আর সেটাই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ইংল্যান্ড অধিনায়কের কথায়, “আমরা প্রায় এক ঘণ্টা পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। এগিয়েও গিয়েছিলাম। কিন্তু গোল করার পর হঠাৎই আমরা বলের দখল হারাতে শুরু করি। আক্রমণ চালিয়ে যাওয়ার বদলে রক্ষণেই বেশি মন দিই। ফলে আর্জেন্টিনা আত্মবিশ্বাস ফিরে পায় এবং আমাদের উপর একের পর এক আক্রমণ শুরু করে।”
তিনি মনে করেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুধুমাত্র লিড ধরে রাখার চেষ্টা করা যথেষ্ট নয়। বরং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে আক্রমণাত্মক মানসিকতাই প্রয়োজন ছিল।
কেন বলেন, “শেষ ২০ মিনিটে শুধু ব্যবধান রক্ষা করার চেষ্টা করা খুব কঠিন। আমরা কোথায় ভুল করেছি, সেটা আবার ভিডিও দেখে বিশ্লেষণ করব। ভবিষ্যতে যাতে একই ভুল না হয়, সেই শিক্ষা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।”
বিশ্বকাপের ট্রফি অধরাই থাকলেও হ্যারি কেনের কথায় স্পষ্ট, জাতীয় দলের হয়ে তাঁর অধ্যায় এখনও শেষ হয়নি। বরং মেসির দীর্ঘ ক্যারিয়ার থেকেই অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান ইংল্যান্ডের অধিনায়ক।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?