উত্তরাখণ্ডের পর তামিলনাড়ুতেও মর্মান্তিক ঘটনা!
নিট পরীক্ষাকে ঘিরে উদ্বেগ ও অনিশ্চয়তার আবহে ফের সামনে এল এক মর্মান্তিক ঘটনা। উত্তরাখণ্ডের দেহরাদূনের পর এ বার তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম অনুকীর্তন। পুলিশ ও পরিবারের দাবি, পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ বছরের নিট পরীক্ষায় অনুকীর্তন যথেষ্ট ভাল ফলের আশা করেছিলেন। প্রথমবার পরীক্ষা দেওয়ার পর তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন যে তাঁর পরীক্ষা খুব ভাল হয়েছে এবং ভালো নম্বর পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই তাঁর মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ সামনে রেখে তিনি আবারও প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। তবে সেই চাপ সামলাতে পারেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। অনুকীর্তনের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যদিও সেই নোটে ঠিক কী লেখা রয়েছে, তা এখনও প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা।
ঘটনার পর কোয়েম্বত্তূরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু পড়ুয়া ও অভিভাবক রাস্তায় নেমে নিট পরীক্ষার বর্তমান পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, একটিমাত্র পরীক্ষার উপর ভবিষ্যৎ নির্ভর করে থাকায় ছাত্রছাত্রীদের উপর অস্বাভাবিক মানসিক চাপ তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, তামিলনাড়ু সরকার দীর্ঘদিন ধরেই নিট পরীক্ষার বিরোধিতা করে আসছে। রাজ্যের দাবি, এই পরীক্ষার কাঠামো বহু পড়ুয়ার উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে এবং প্রত্যাশিত ফল না পেলে অনেকেই হতাশার শিকার হচ্ছেন। অতীতে নিট-সংক্রান্ত একাধিক আত্মহত্যার ঘটনাকে সামনে রেখে পরীক্ষাটি বাতিলের দাবিও বারবার তুলেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরাখণ্ডের দেহরাদূনে আরও এক নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তিনিও একাধিকবার নিট পরীক্ষায় বসেছিলেন এবং এ বছরও পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার পর তিনি গভীর হতাশায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। তাঁর ঘর থেকেও একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছিল।
এ বছর ৩ মে নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৭ মে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। পরিস্থিতি পর্যালোচনা করে ১২ মে পরীক্ষা বাতিলের ঘোষণা করে National Testing Agency (এনটিএ)। পুনরায় নিট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে আগামী ২১ জুন।
সাম্প্রতিক ঘটনাগুলি আবারও পরীক্ষাকেন্দ্রিক মানসিক চাপ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?