ইস্টবেঙ্গলকে বড় ধাক্কা!
কলকাতার ফুটবলে দলবদলের বাজারে সবচেয়ে বড় চমক এনে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ব্রাজ়িলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে সবুজ-মেরুন শিবির। আইএসএলের সোনার বলজয়ী এই ফুটবলারের আগমন মোহনবাগানের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
কয়েক সপ্তাহ ধরেই মিগুয়েলের মোহনবাগানে যোগ দেওয়ার জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা করেছে ক্লাব। বাংলাদেশের বসুন্ধরা কিংসে তিন বছর খেলার পর গত মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম মরসুমেই নিজের দক্ষতায় নজর কেড়েছিলেন এবং আইএসএলের সেরা ফুটবলারের সম্মানও জিতেছিলেন।
২৬ বছরের এই ব্রাজ়িলীয় মিডফিল্ডার গত আইএসএল মরসুমে ১২টি ম্যাচে দুটি গোল করেন। পাশাপাশি পাঁচটি গোলে সরাসরি অবদান রেখে দলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তুলেছিলেন। বল নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি এবং নিখুঁত পাস দেওয়ার ক্ষমতার জন্য তিনি ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত।
মোহনবাগানে যোগ দিয়ে ক্লাবের সমর্থকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মিগুয়েল। তাঁর কথায়, সবুজ-মেরুন সমর্থকদের আবেগ তাঁকে ব্রাজ়িলের ফুটবলপ্রেমীদের কথা মনে করিয়ে দেয়। কলকাতায় এক বছর কাটিয়ে তিনি বুঝেছেন, মোহনবাগান সমর্থকদের কাছে জয়ের বিকল্প নেই। সেই চ্যাম্পিয়ন হওয়ার চাপই তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
তিনি আরও জানিয়েছেন, মোহনবাগানের প্রস্তাব পাওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন। এখন তাঁর একটাই লক্ষ্য—দলের হয়ে ট্রফি জেতা। আইএসএল, ডুরান্ড কাপ কিংবা সুপার কাপ—যে প্রতিযোগিতাই হোক, প্রতিটি ম্যাচে সেরাটা দিতে চান তিনি।
নিজের খেলার ধরন নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাজ়িলীয় ফুটবলার। গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে তিনি বেশি আনন্দ পান। নতুন দলে জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকারের সঙ্গে মাঠে বোঝাপড়া গড়ে তুলে সমর্থকদের জন্য বিশেষ কিছু মুহূর্ত উপহার দিতে চান বলেও জানিয়েছেন।
কলকাতা ডার্বি নিয়েও আত্মবিশ্বাসী মিগুয়েল। তাঁর মতে, এই ম্যাচের গুরুত্ব অন্য সব ম্যাচের থেকে আলাদা। এবার তিনি সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন এবং ডার্বিতে জয়ের জন্য নিজের শতভাগ উজাড় করে দেবেন। সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, ডার্বিতে মোহনবাগানকে জেতানোর জন্য তিনি সর্বস্ব দিয়ে লড়বেন এবং সমর্থকদের হতাশ হতে দেবেন না।
নতুন ক্লাবে যোগ দিয়েই মোহনবাগানকে দেশের সেরা দল বলেও উল্লেখ করেছেন মিগুয়েল। উল্লেখযোগ্য বিষয়, গত মরসুমে আইএসএলের সোনার বল জেতার পর সেই ট্রফি তিনি দেশে নিয়ে যাননি; ইস্টবেঙ্গল তাঁবুতেই রেখে গিয়েছিলেন। এবার নতুন অধ্যায়ে তাঁর লক্ষ্য, সবুজ-মেরুন জার্সিতে আরও সাফল্যের ইতিহাস লেখা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?