আমিরকে ঘিরে নতুন বিতর্ক, ‘লভ জিহাদ’!
বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি তাঁর তৃতীয় বিয়ে নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে একটি ভাইরাল অডিয়ো ক্লিপ এবং পোস্টে দাবি করা হয়েছে, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, লরেন্স বিশ্নোইয়ের ভাই বলে পরিচিত আরজ়ু বিশ্নোই এবং টাইসন বিশ্নোইয়ের নাম ব্যবহার করে আমিরের বিরুদ্ধে ‘লভ জিহাদ’কে উৎসাহ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। পোস্টে বলা হয়েছে, দেশের সংস্কৃতি ও সনাতন ধর্মের বিরুদ্ধে এমন কাজ কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং অভিনেতাকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকির সুর শোনা গিয়েছে।
এতেই শেষ নয়। ওই বার্তায় আরও দাবি করা হয়েছে, যাঁরা খ্যাতির আড়ালে থেকে এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবেন, তাঁদের বিরুদ্ধেও নিজেদের মতো করে ব্যবস্থা নেওয়া হবে। সমাজমাধ্যমে এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইরাল পোস্টের পাশাপাশি একটি ভয়েস নোটও তাঁদের নজরে এসেছে। বর্তমানে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পোস্ট ও অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করা হচ্ছে। এগুলি আদৌ সংশ্লিষ্ট ব্যক্তিদের তৈরি কি না, তা নিশ্চিত হওয়ার আগেই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না তদন্তকারীরা।
এখনও পর্যন্ত আমির খান বা তাঁর টিমের পক্ষ থেকে মুম্বই পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি আমির খান একাধিক ইস্যুতে আলোচনায় রয়েছেন। শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তার মধ্যেই নতুন এই হুমকির দাবি প্রকাশ্যে আসায় বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভাইরাল পোস্ট বা অডিয়ো ক্লিপের ভিত্তিতে কোনও দাবি নিশ্চিত বলে ধরা যাচ্ছে না। পুলিশ সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে পরবর্তী আইনি পদক্ষেপ করবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?