রামদেবকে কঙ্গনার কড়া জবাব!
‘গাটার জেনারেশন’ মন্তব্যকে কেন্দ্র করে কঙ্গনা রনৌতকে আক্রমণ করেছিলেন যোগগুরু তথা ব্যবসায়ী বাবা রামদেব। এ বার সমাজমাধ্যমে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবের ব্যক্তিগত মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তিনি।
রামদেবের উদ্দেশে কঙ্গনা লেখেন, তাঁর যৌবন বা ব্যক্তিগত জীবন নিয়ে যেন কেউ ‘দিবাস্বপ্ন’ না দেখেন। তাঁর বক্তব্য, গুজব বা কানাঘুষোর ভিত্তিতে কারও চরিত্র নিয়ে মন্তব্য করা সহজ হলেও, তাঁকে নৈতিকতার শিক্ষা দেওয়ার আগে তথ্যের দিকে তাকানো উচিত।
কঙ্গনা আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে ভুয়ো বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির কোনও অভিযোগ নেই এবং এই ধরনের বিষয়ে তাঁকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনাও শুনতে হয়নি। সেই প্রসঙ্গ টেনে তিনি রামদেবকে তাঁর চরিত্র নিয়ে মন্তব্য না করার বার্তা দেন।
কী বলেছিলেন রামদেব?
কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যের প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে রামদেব তাঁকে কটাক্ষ করেন। তিনি কঙ্গনার শৈশব, যৌবন এবং অতীতের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, দেশের যুব সমাজকে ‘নর্দমা’ বলে উল্লেখ করা বিকৃত মানসিকতার পরিচয় এবং কঙ্গনার দলেরও বিষয়টি দেখা উচিত।
সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তাঁর যোগাভ্যাসের প্রশংসা করেছেন এবং নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন। এর জবাবে রামদেব বলেন, কেউ তাঁর যোগের প্রশংসা করলেই তিনি সেই ব্যক্তির ‘পাপকাজ’ ঢেকে রাখবেন না।
ব্যক্তিগত মন্তব্যেই আপত্তি কঙ্গনার
রামদেবের বক্তব্য প্রকাশ্যে আসার পর কঙ্গনা যে পাল্টা জবাব দেবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী-সাংসদ।
তাঁর বক্তব্যের মূল সুর, রাজনৈতিক বা মতাদর্শগত মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ব্যক্তিগত জীবন, যৌবন বা চরিত্র নিয়ে মন্তব্য করার আগে প্রমাণ ও তথ্যের ভিত্তিতে কথা বলা উচিত। রামদেবের মন্তব্যের জবাবে তাই নিজের বিরুদ্ধে কোনও প্রতারণার অভিযোগ নেই— এই দাবিকেই সামনে আনলেন কঙ্গনা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।