অনুষ্ঠানের মাঝেই স্ত্রী মৃদুলাকে কী বললেন পঙ্কজ ত্রিপাঠী?
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ও তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর দীর্ঘ দাম্পত্যের বন্ধুত্বপূর্ণ রসায়ন ফের নজর কেড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মঞ্চে কথা বলার মাঝেই স্ত্রীকে মজা করে প্রশ্ন করতে দেখা যায় অভিনেতাকে।
‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পঙ্কজ। দর্শকাসনে বসেছিলেন মৃদুলা। কিন্তু অভিনেতার বক্তব্য চলাকালীন তাঁকে ফোনে ব্যস্ত থাকতে দেখে পঙ্কজের নজর চলে যায় সেদিকে।
মজার ছলে তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন, কার জন্য এতক্ষণ ধরে ফোনে টাইপ করছেন। অভিনেতার কথায়, “আমি কথা বলে যাচ্ছি আর দেখছি, তুমি আমার কথা শুনছই না!” এরপর তিনি জানতে চান, তিনি যা বলছেন, মৃদুলা কি সেটাই ফোনে লিখছেন।
কিছুক্ষণ পর পঙ্কজ বুঝতে পারেন, সম্ভবত তাঁদের মেয়ে ফোনের ওপারে রয়েছেন। তখন মৃদুলাকে উদ্দেশ করে বলেন, “ওকে বলো, ওর বাবার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।” তাঁর এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও হেসে ওঠেন।
২৫ বছরের দাম্পত্যের গল্প
এর পর পঙ্কজ তাঁদের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, ২৫ বছর আগে তিনি এই “সুন্দরী মহিলাকে” বিয়ে করেছিলেন। এত বছর পরেও তিনি স্ত্রীর মুখের দিকে তাকিয়ে নিজের কথার প্রতিক্রিয়া লক্ষ্য করেন। তাই মৃদুলাকে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে তাঁর বিষয়টি চোখে পড়েছিল।
পঙ্কজ ও মৃদুলার সম্পর্ক শুরু হয়েছিল স্কুলজীবনে। পরে সেই সম্পর্ক গড়ায় দাম্পত্যে। দীর্ঘ অভিনয়জীবনের কঠিন সময়েও মৃদুলা তাঁর পাশে ছিলেন। পঙ্কজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় কোনও উপার্জন ছিল না তাঁর। সেই সময়ে সংসারের খরচের দায়িত্ব সামলেছিলেন মৃদুলা।
তাই তাঁদের সম্পর্ক শুধু স্বামী-স্ত্রীর নয়, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পারস্পরিক সমর্থনেরও। অনুষ্ঠানের এই ছোট্ট মুহূর্তটিই যেন সেই সম্পর্কের স্বাভাবিক ছবিটা আরও এক বার সামনে আনল।
কাজের ক্ষেত্রে পঙ্কজকে এ বার ‘মির্জ়াপুর’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবিতে দেখা যাবে। ছবিটি ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।