আদালতের শর্ত না মানার অভিযোগ, মমতা-সহ উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর!
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত সভায় আদালতের নির্দেশ অমান্য, পুলিশের কাজে বাধা এবং নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে হেস্টিংস থানায় মামলা রুজু হয়েছে। মমতা ছাড়াও সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে।
হাই কোর্টের নির্দেশ মেনেই ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি পেয়েছিল তৃণমূল। আদালত স্পষ্ট করে দিয়েছিল, রাস্তার উত্তরমুখী লেনটি যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। পাশাপাশি সভার সময়ও বেঁধে দেওয়া হয়েছিল দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত।
পুলিশের অভিযোগ, বাস্তবে আদালতের সেই শর্ত মানা হয়নি। সভা চলাকালীন ক্যাথিড্রাল রোডের দু’দিকের লেনই বন্ধ হয়ে যায়। এমনকি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি চলতে থাকে বলে অভিযোগ। এর জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
শুধু আদালতের নির্দেশ অমান্য নয়, সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও উঠেছে। পুলিশের দাবি, কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতার বক্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক দল কর্মী ব্যারিকেড সরিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। গোটা ঘটনার পরেই স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে পুলিশ।
এই ঘটনায় আগেই মমতার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশ অমান্য করেছেন। শুক্রবার তিনি জানান, ঘটনার জন্য পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে বিষয়টি নিয়ে হাই কোর্টেও যাওয়া হবে।
ক্যাথিড্রাল রোডের এই ঘটনা অবশ্য নতুন করে আদালতের নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। এর আগে তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েও একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাও গড়িয়েছিল হাই কোর্ট পর্যন্ত। সে সময় আদালত কালীঘাটের তৃণমূল নেতৃত্বকে সতর্ক করে জানিয়েছিল, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য হলে কঠোর পদক্ষেপ করা হতে পারে।
ফলে ক্যাথিড্রাল রোডের ঘটনায় এফআইআর দায়েরের পর রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার, পুলিশের এই মামলার পর আদালতে বিষয়টি কোন দিকে গড়ায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।