আইপিএলের আগে পঞ্জাব কিংসে বড় রদবদল!
আইপিএলের পরবর্তী মরসুমের আগে কোচিং বিভাগে বড় পরিবর্তন আনছে পঞ্জাব কিংস। দলের দুই সহকারী কোচ জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিনকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িটি। ফলে শ্রেয়স আয়ারদের জন্য নতুন বোলিং ও ফিল্ডিং কোচ খুঁজতে হবে পঞ্জাবকে।
২০২৬ সালের আইপিএলে দুর্দান্ত শুরু করেছিল পঞ্জাব। প্রথম সাতটি ম্যাচের মধ্যে ছ’টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল তারা। কিন্তু প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। পরের সাতটি ম্যাচে একের পর এক হারতে হয় দলকে। শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে মরসুম শেষ করে পঞ্জাব। প্লে-অফে জায়গা করে নেওয়াও সম্ভব হয়নি তাদের।
এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িটি বলে মনে করা হচ্ছে। দু’বছর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে প্রধান কোচের দায়িত্ব দেয় পঞ্জাব। সেই সময়েই বোলিং কোচ হিসেবে যোগ দেন হোপস এবং ফিল্ডিং কোচের দায়িত্ব নেন হ্যাডিন। তবে গত মরসুমে দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই কারণেই দুই সহকারী কোচকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুধু হোপস ও হ্যাডিন নন, এর আগে পঞ্জাবের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও দল ছেড়েছেন। ভারতীয় দলের সঙ্গে নতুন দায়িত্ব পাওয়ায় পঞ্জাবের কোচিং বিভাগ থেকে সরে গিয়েছেন তিনি। ফলে তাঁর জায়গাতেও নতুন কাউকে নিয়োগ করতে হবে ফ্র্যাঞ্চাইজ়িকে।
তবে দুই সহকারী কোচকে সরানোর সিদ্ধান্ত যে একেবারে হঠাৎ করে নেওয়া হয়েছে, তেমনটা মনে করা হচ্ছে না। তাঁদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে খবর। প্রধান কোচ পন্টিংয়ের সঙ্গে আলোচনা হয়েছিল কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
এ দিকে পঞ্জাব ছাড়ার পর ইতিমধ্যেই নতুন দায়িত্ব পেয়েছেন হোপস ও হ্যাডিন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইনসল্যান্ড ও ব্রিসবেন হিটের প্রধান কোচ হয়েছেন হোপস। অন্য দিকে, নিউ সাউথ ওয়েলসের পুরুষদের দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হ্যাডিন।
আগামী আইপিএলের আগে নতুন কোচ নিয়োগ করে দলকে আরও শক্তিশালী করাই এখন পঞ্জাব কিংসের সামনে বড় চ্যালেঞ্জ। গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে শ্রেয়সদের দল নতুন করে কতটা ঘুরে দাঁড়াতে পারে, সে দিকেই নজর থাকবে সমর্থকদের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।