অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে অনয়ার খেলার অনুমতি!
অস্ট্রেলিয়ার ঘরোয়া মহিলা ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন ভারতের অনয়া বঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। সাউথ আফ্রিকার ক্রিকেটার মারিজ়েন কাপ এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর মন্তব্যের জবাব দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের কন্যা অনয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি জানিয়েছে, তাদের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন অনয়া। সেই খবরের একটি প্রতিবেদন সমাজমাধ্যমে শেয়ার করে কাপ লিখেছেন, সিদ্ধান্তটি তাঁর কাছে ‘পুরোপুরি হাস্যকর’। তাঁর মতে, কোনও ভাবেই এমন সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া উচিত নয়।
কাপের মন্তব্যের পরেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অনয়া। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের আগে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা উচিত। তাঁর দাবি, তিনি কোনও অন্যায্য সুবিধা পাচ্ছেন না এবং প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।
অনয়া আরও জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত নীতিমালাও তিনি মেনে চলছেন। তাঁর বক্তব্য, কারও ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কিন্তু মন্তব্য করার আগে সংশ্লিষ্ট নিয়ম এবং তথ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বিষয়টি আরও জটিল। আইসিসির বর্তমান নীতিতে লিঙ্গ পরিবর্তনকারী ক্রিকেটারদের মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব নীতি প্রযোজ্য। সেই নীতি অনুযায়ী ট্রান্সজেন্ডার এবং জেন্ডার-ডাইভার্স ক্রিকেটারদের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে মহিলা ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে।
অনয়ার সামনে এখন লক্ষ্য পেশাদার ক্রিকেটে ফেরার। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও নিয়মিত অনুশীলন করছেন তিনি। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন অনয়া।
তাঁর কথায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান, যেখানে নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে পারবেন যে তিনি সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলার উপযুক্ত। আগামী ছয় মাসের মধ্যেই সেই প্রস্তুতি অনেকটা সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছেন তিনি।
বিদেশি ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়ার ঘরোয়া মহিলা ক্রিকেটে ড্রাফট এবং সরাসরি চুক্তির দু’টি পথই রয়েছে। অনয়ার মতে, আইপিএল কিংবা ডব্লিউপিএলের মতোই সেখানে বিদেশি ক্রিকেটারদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নিজেদের দক্ষতা দিয়ে ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে আস্থা অর্জন করতে হয়।
এক সময় সরফরাজ় খানের মতো ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলেছেন অনয়া। এখন ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে তাঁর খেলার অনুমতি সেই প্রত্যাবর্তনের পথকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে সিদ্ধান্তটি নিয়ে বিতর্কও যে থামছে না, মারিজ়েন কাপের মন্তব্যই তার প্রমাণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।