ফ্রান্সের কোচ জ়িনেদিন জ়িদান!
দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন কিংবদন্তি জ়িনেদিন জ়িদান। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের ঘোষণা করেছে। ২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেওয়া দিদিয়ের দেশঁর উত্তরসূরি হিসেবে এবার জাতীয় দলের দায়িত্ব নিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী নায়ক। প্রাথমিক চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের ডাগআউটে থাকবেন তিনি।
২০১২ সাল থেকে ফ্রান্সের কোচ ছিলেন দেশঁ। তাঁর হাত ধরেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স এবং আন্তর্জাতিক ফুটবলে অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়। তবে অনেক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন। সেই থেকেই নতুন কোচ হিসেবে জ়িদানের নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।
ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে জ়িদানের সাফল্য তাঁকে এই দায়িত্ব পাওয়ার পথে অনেকটাই এগিয়ে দেয়। ২০১৬ থেকে ২০১৮ এবং পরে ২০১৯ থেকে ২০২১— দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই আধুনিক ফুটবলে প্রথম কোনও কোচ হিসেবে টানা তিন বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়ে রিয়াল। পাশাপাশি দু’বার লা লিগা, দু’বার ফিফা ক্লাব বিশ্বকাপ, দু’বার উয়েফা সুপার কাপ এবং দু’বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি।
২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আর কোনও দলকে কোচিং করাননি জ়িদান। প্রায় পাঁচ বছর পর আবার ডাগআউটে ফিরছেন তিনি, আর সেই প্রত্যাবর্তন হচ্ছে নিজের দেশের জাতীয় দলের দায়িত্ব নিয়ে।
ফ্রান্সের কোচ হিসেবে জ়িদানের প্রথম বড় পরীক্ষা হবে উয়েফা নেশনস লিগ। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর অভিযান। একই গ্রুপে রয়েছে শক্তিশালী বেলজিয়াম এবং ইতালিও। ফলে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নতুন কোচকে।
ফ্রান্সের ফুটবল ইতিহাসে জ়িদানের নাম স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ সালে নিজের দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি ছিলেন তিনি। সেই দলের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশঁ। প্রায় তিন দশক পরে এবার সেই দেশঁর তৈরি করে যাওয়া দলই তুলে দেওয়া হল জ়িদানের হাতে। কিলিয়ান এমবাপে, অরেলিয়াঁ শুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গাদের মতো তারকাদের নিয়ে নতুন যুগের সূচনা করতে চলেছেন ফরাসি ফুটবলের এই কিংবদন্তি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?