কুপওয়াড়ায় অনুপ্রবেশের চেষ্টা!
জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। শনিবার ভোরে উত্তর কাশ্মীরের কেরন সেক্টরের জুমাগুন্দ এলাকায় সেনার সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েক জন সন্দেহভাজন জঙ্গি। সেই সময় এলাকায় টহল দিচ্ছিলেন সেনা জওয়ানেরা। সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই অনুপ্রবেশকারীদের আটকানোর চেষ্টা করেন তাঁরা।
জঙ্গলে লুকিয়ে পাল্টা গুলি
সেনার বাধার মুখে পড়ে সন্দেহভাজন জঙ্গিরা পালানোর চেষ্টা করে। পরে তারা একটি জঙ্গলে আশ্রয় নিয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জবাব দেয় সেনাও। এর পরেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
সেনা সূত্রের খবর, বাহিনী ওই জঙ্গল ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহভাজন জঙ্গিদের কোণঠাসা করা হয়। সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। অনুপ্রবেশের চেষ্টা করা দলের মোট সদস্যসংখ্যা কত, তা এখনও স্পষ্ট নয়। এলাকায় অন্য কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
পুঞ্চে মাইন বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৪ জঙ্গি
এর কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণে চার জঙ্গির মৃত্যু হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কৃষ্ণা ঘাঁটির কাছে জিরো লাইনের নঙ্গী টেকরী এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ রুখতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। তাতেই চার জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে লশকর-ই-তইবার এক কমান্ডারও ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল।
কুপওয়াড়ার সাম্প্রতিক সংঘর্ষের পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আপাতত বাকি সন্দেহভাজন জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছে বাহিনী।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।