বেশি ক্যালোরি খেয়েও কী ভাবে ফিট থাকেন সাইনা নেহওয়াল?
ফিট থাকতে মানেই কি সেদ্ধ সব্জি, মেপে খাওয়া আর পছন্দের খাবার থেকে দূরে থাকা? ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের খাদ্যাভ্যাস সেই ধারণাকে কিছুটা হলেও চ্যালেঞ্জ করে। ছোটবেলা থেকেই ঘি, আলুর পরোটা, রাজমা, কড়ি, ভাতের সঙ্গে ছোলে এবং আমন্ড অয়েল মেশানো দুধ খেয়ে বড় হয়েছেন তিনি। তা হলে এত ক্যালোরিযুক্ত খাবার খেয়েও কী ভাবে ফিট থেকেছেন আন্তর্জাতিক স্তরের এই ক্রীড়াবিদ?
ছোটবেলার খাবারেই রয়েছে শিকড়ের টান
হরিয়ানার হিসারে জন্ম সাইনার। ছোটবেলার একটা বড় সময় কেটেছে সেখানেই। পরে ব্যাডমিন্টনের প্রশিক্ষণের জন্য হায়দরাবাদে চলে গেলেও নিজের অঞ্চলের খাবারের প্রতি ভালবাসা হারাননি তিনি।
ম্যাক্রোবায়োটিক প্রশিক্ষক শিল্পা অরোরার ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় সাইনা জানিয়েছিলেন, ছোটবেলা থেকে খেয়ে আসা অনেক খাবারই এখনও তাঁর পছন্দের তালিকায় রয়েছে। বিশেষ করে আলুর পরোটা ও শাক তাঁর প্রিয় খাবারের মধ্যে পড়ে।
সাইনার মা-ও মেয়ের খাবারে ঘি ও তেল রাখার পক্ষপাতী ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, এই খাবারগুলি মেয়ের শরীরে শক্তি জোগাতে সাহায্য করবে। তবে শুধু খাবারের উপর নির্ভর করেননি সাইনা। ব্যাডমিন্টনের কঠোর অনুশীলন ও নিয়মিত শারীরিক পরিশ্রমও তাঁর ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
ঘি কি সত্যিই শরীরের জন্য উপকারী?
ঘিয়ে রয়েছে ফ্যাট, যা শরীরের শক্তির একটি উৎস। পাশাপাশি এতে কিছু ফ্যাট-দ্রবণীয় ভিটামিনও পাওয়া যায়। তবে ঘি খেলেই অস্থিসন্ধি ভাল থাকবে কিংবা শরীরের সমস্ত পুষ্টির চাহিদা পূরণ হবে, এমন ধারণা ঠিক নয়। ঘি বেশি পরিমাণে খেলে ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও বেড়ে যায়। তাই কতটা খাওয়া হচ্ছে, তার দিকে নজর রাখা জরুরি।
একই ভাবে, সব ক্রীড়াবিদের খাদ্যতালিকা এক রকম হয় না। শরীরের গঠন, অনুশীলনের মাত্রা, বয়স এবং ব্যক্তিগত পুষ্টির চাহিদার উপর নির্ভর করে খাবারের পরিমাণ ও ধরন ঠিক করা হয়।
শাকও সাইনার পছন্দের তালিকায়
হরিয়ানার খাদ্যসংস্কৃতিতে সর্ষে শাকের বিশেষ জায়গা রয়েছে। সাইনার পছন্দের খাবারের তালিকাতেও শাকের গুরুত্ব রয়েছে। সর্ষে শাকের পাশাপাশি পালংশাক বা বেতোশাক দিয়ে নানা পদ তৈরি করা যায়। আদা, রসুন ও সামান্য ঘি দিয়ে রান্না করলে স্বাদও বাড়ে।
শাকে রয়েছে ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। ফাইবার হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। তবে কোনও একটি খাবার খেলেই অন্ত্রের প্রদাহ কমবে বা শরীরের সব সমস্যা দূর হবে, এমন দাবি করার বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সাইনার খাদ্যাভ্যাস থেকে একটি বিষয় স্পষ্ট— ফিট থাকার জন্য পছন্দের সব খাবার বাদ দেওয়াই একমাত্র পথ নয়। বরং পরিমিত খাবার, পর্যাপ্ত পুষ্টি এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখাই গুরুত্বপূর্ণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।