‘বাবা সব বুঝে নেবেন’! মিনি কুপারের ধাক্কায় বাইকের তিন আরোহীর মৃত্যু, নির্বিকার ১৯ বছরের চালক

মিনি কুপারের ধাক্কায় বাইকের তিন আরোহীর মৃত্যু! কেরলের কোচি বিমানবন্দরের কাছে গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল বাইকের তিন আরোহীর। অভিযোগ, পিছন থেকে একটি মিনি কুপার সজোরে ধাক্কা মারে তাঁদের…

October 12, 2026
1 min read

মিনি কুপারের ধাক্কায় বাইকের তিন আরোহীর মৃত্যু!

কেরলের কোচি বিমানবন্দরের কাছে গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল বাইকের তিন আরোহীর। অভিযোগ, পিছন থেকে একটি মিনি কুপার সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। কিন্তু তিন জনের মৃত্যুর পরেও অভিযুক্ত ১৯ বছর বয়সি গাড়িচালকের আচরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুলিশের সামনে তিনি নাকি দাবি করেন, তাঁর বাবা গোটা বিষয়টি সামলে নেবেন।

রবিবার রাত প্রায় ১টা ৪৫ মিনিটে কোচি বিমানবন্দরের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ইজাজ নামে এক যুবক বাইক চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন গোপিকা ও দেবিকা নামে দুই তরুণী। তিন জনেরই বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। তাঁরা কাছাকাছি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। রাতের ডিউটির ফাঁকে চা খেতে বেরিয়েছিলেন তাঁরা।

অভিযোগ, সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে তাঁদের বাইকে ধাক্কা মারে একটি মিনি কুপার। ধাক্কার তীব্রতায় তিন জনই রাস্তায় ছিটকে পড়েন। বাইকটি গাড়ির সঙ্গে আটকে প্রায় ১০০ মিটার পর্যন্ত হেঁচড়ে যায়। এর পর গাড়িটি থামান চালক। দুর্ঘটনায় তিন বাইক আরোহীরই মৃত্যু হয়েছে।

মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

পুলিশের দাবি, গাড়িটি চালাচ্ছিলেন সুহেল সজীব নামে এক ১৯ বছরের তরুণ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, দুর্ঘটনার আগে একাধিক পানশালায় গিয়ে মদ্যপান করেছিলেন তিনি। কেরলে মদ্যপানের আইনি বয়স ২৩ বছর। ফলে অভিযুক্তকে কী ভাবে পানশালাগুলি মদ পরিবেশন করল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার পর অভিযুক্তের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিন জনের মৃত্যুর পরেও তিনি অনুশোচনা প্রকাশ করেননি। বরং নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন, “রাস্তা কেন বানানো হয়েছে? গাড়ি চালানোর জন্যই তো?” তিন জনের মৃত্যুর প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমার বাবা ব্যাপারটা বুঝে নেবেন।”

পানশালাগুলির ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ

ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অভিযুক্ত চালককে ঘিরে কয়েক জনকে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এই ঘটনার পর পানশালাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন কেরলের আবগারি মন্ত্রী এম লিজু। কমবয়সিদের বেআইনি ভাবে মদ বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভেঙে অপ্রাপ্তবয়স্ক বা আইনত নির্ধারিত বয়সের কম ব্যক্তিদের মদ পরিবেশন করলে সংশ্লিষ্ট পানশালাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পানশালাগুলির ভূমিকা—সব দিকই এখন তদন্তের আওতায়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *