আইএসএলে খেলতে আগ্রহী ভোজ়িনহা!
ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে কাবো ভার্দের গোলরক্ষক ভোজ়িনহার। সুযোগ পেলে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলতে চান ৪০ বছরের এই ফুটবলার। কলকাতার ফুটবলপ্রেমের কথা শুনে শহরে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। শুধু তা-ই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য নিজের সই করা জার্সিও পাঠাচ্ছেন ভোজ়িনহা। সেই উপহার কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
সম্প্রতি শতদ্রুর সঙ্গে নৈশভোজে দেখা হয় ভোজ়িনহার। সেখানে ভারতীয় ফুটবল এবং কলকাতার ফুটবল সংস্কৃতি নিয়ে জানতে চান কাবো ভার্দের এই গোলরক্ষক। কলকাতায় ফুটবলের জনপ্রিয়তার কথা শুনে তাঁর আগ্রহ আরও বেড়েছে বলে জানা গিয়েছে।
শতদ্রু কলকাতার বাসিন্দা জানার পর ভোজ়িনহা শহরের ফুটবলপ্রেম সম্পর্কে আরও জানতে চান। উত্তরে শতদ্রু তাঁকে জানান, কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা দীর্ঘ দিনের। পাশাপাশি, নতুন রাজ্য সরকারও ফুটবলের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও তাঁর দাবি।
এই আলোচনার মধ্যেই আইএসএল সম্পর্কে জানতে পারেন ভোজ়িনহা। ভারতের সর্বোচ্চ ফুটবল লিগে খেলার সুযোগ পেলে তিনি আগ্রহী বলে জানিয়েছেন। বর্তমানে চিলির ক্লাব কোলো-কোলোর হয়ে খেলেন এই গোলরক্ষক। ক্লাবের ২৯ নম্বর জার্সিতে সই করে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ বার্তাও লিখেছেন তিনি—“আমার বন্ধু স্যার শুভেন্দুর জন্য।”
জাতীয় দলের হয়ে ১ নম্বর জার্সি পরলেও কোলো-কোলোর হয়ে ২৯ নম্বর জার্সিতে খেলেন ভোজ়িনহা। কয়েক দিনের মধ্যে কলকাতায় ফিরবেন শতদ্রু। তখনই মুখ্যমন্ত্রীর হাতে জার্সিটি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে কলকাতায় আসতে পারেন ভোজ়িনহা। শহরে ফুটবল নিয়ে একটি কর্মশালা করার সম্ভাবনাও রয়েছে। কলকাতার ফুটবল সংস্কৃতি নিজের চোখে দেখার পাশাপাশি এখানকার সমর্থকদের সঙ্গে সময় কাটানোর সুযোগও পেতে পারেন তিনি।
বিশ্ব ফুটবলের পরিচিত মুখদের কলকাতায় আনার উদ্যোগের মধ্যে ভোজ়িনহার সম্ভাব্য সফর নতুন আকর্ষণ তৈরি করতে পারে। তবে তাঁর কলকাতা সফর, কর্মশালা বা আইএসএলে খেলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।