‘কোনও মানুষের সঙ্গে এমন ব্যবহার করা যায় না’, জেলবন্দি ইমরানের মুক্তির দাবিতে রবি শাস্ত্রী

জেলবন্দি ইমরানের মুক্তির দাবিতে রবি শাস্ত্রী! জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী। ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ…

October 6, 2026
1 min read

জেলবন্দি ইমরানের মুক্তির দাবিতে রবি শাস্ত্রী!

জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী। ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁর মুক্তির দাবি তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ। শাস্ত্রীর বক্তব্য, রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, কিন্তু মানবিকতার প্রশ্নে ইমরানের পাশে দাঁড়ানো প্রয়োজন।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “আমি রাজনীতিবিদ নই। কিন্তু ওর সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দেখে আমি স্তম্ভিত। কোনও মানুষের সঙ্গে এমন ব্যবহার করা যায় না। মানবিকতা বলেও তো কিছু আছে। ও এত অত্যাচারের যোগ্য নয়।” তাঁর দাবি, বিশ্বের আরও অনেক ক্রিকেটারও একই ভাবে বিষয়টি দেখেন।

ইমরানের দ্রুত মুক্তি এবং সুস্থতার কামনাও করেছেন শাস্ত্রী। তাঁর কথায়, ইমরানের চোখের সমস্যা নিয়ে তিনি খবর পেয়েছেন। তাঁকে এ বার জেলের বাইরে আনা উচিত। একই সঙ্গে ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোর প্রসঙ্গ টেনে ইমরানের নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।

২০২৩ সালের অগস্ট থেকে জেলে রয়েছেন ৭৩ বছরের ইমরান। দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁর সাজা হয়েছে। ইমরান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) অবশ্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাঁর বিরুদ্ধে মামলাগুলির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাম্প্রতিক সময়েও তাঁর সমর্থকেরা মুক্তির দাবিতে আন্দোলন করছেন।

ইমরানের স্বাস্থ্য নিয়েও গত কয়েক মাসে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর পরিবার এবং দলের তরফে চোখের দৃষ্টিশক্তি-সহ একাধিক সমস্যা নিয়ে অভিযোগ করা হয়েছে। অগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁর চিকিৎসার জন্য জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশও দিয়েছিল। পরে চিকিৎসকেরা তাঁকে ‘মেডিক্যালি ফিট’ ঘোষণা করেন এবং তাঁকে ফের আদিয়ালা জেলে পাঠানো হয়।

তবে ইমরানের চিকিৎসা এবং জেলজীবন নিয়ে ওঠা সব অভিযোগ পাকিস্তান সরকার মেনে নেয়নি। সরকারের দাবি, ইমরানকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর কারাবাসের পরিস্থিতি নিয়ে কিছু আন্তর্জাতিক রিপোর্ট বিভ্রান্তিকর। সরকারি নথির ভিত্তিতে তাঁর চিকিৎসা ও সাক্ষাতের সুযোগের কথাও তুলে ধরা হয়েছে।

এই আবহেই শাস্ত্রীর মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে ইমরানের বিষয়টি। ক্রিকেটের মাঠে এক সময় তাঁর প্রতিদ্বন্দ্বী এবং সমসাময়িক হিসেবে ইমরানকে দেখেছেন শাস্ত্রী। তাই রাজনৈতিক অবস্থান নয়, মানবিকতার জায়গা থেকেই তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন।

এ দিকে ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তানে নতুন করে আন্দোলনও শুরু হয়েছে। তাঁর দল ও সমর্থকেরা ইসলামাবাদের দিকে মিছিল নিয়ে এগোচ্ছেন। ফলে ইমরানের কারাবাস নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শাস্ত্রীর মন্তব্যও নতুন করে নজর কেড়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *