দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়!!
জল্পনার অবসান। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার সরকারি ভাবে সৌরভের নিয়োগের কথা ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। গত দু’মরশুম দলের প্রধান কোচের দায়িত্ব সামলানো হেমাঙ্গ বাদানির জায়গায় এলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
দিল্লি ক্যাপিটালসের প্রকাশিত ভিডিয়ো বার্তায় জানানো হয়েছে, ২০২৭ আইপিএলে দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন সৌরভ। ফ্র্যাঞ্চাইজিটির যৌথ মালিক জেএসডব্লিউ এবং জিএমআর। ক্রিকেট প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পর এ বার আইপিএলে সরাসরি কোচের ভূমিকায় দেখা যাবে সৌরভকে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অবশ্য সৌরভের সম্পর্ক নতুন নয়। ২০১৯ সালে ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা হিসেবে পথচলা শুরু। পরে ক্রিকেট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। দলের ক্রিকেটীয় কাঠামো, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতাই এ বার কোচের দায়িত্বে তাঁর অন্যতম বড় সুবিধা হতে পারে।
নতুন দায়িত্ব পেয়ে সৌরভ জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালস তাঁর কাছে অত্যন্ত কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। এত দিন মালিকপক্ষ, পরিচালন গোষ্ঠী, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে গিয়ে নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দালও সৌরভের নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক এবং অভিজ্ঞ প্রশাসক সৌরভ এ বার কোচ হিসেবে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। তাঁর নেতৃত্ব ও ক্রিকেটীয় দূরদর্শন দিল্লিকে আইপিএল ট্রফির লড়াইয়ে আরও শক্তিশালী করবে বলেই আশা ফ্র্যাঞ্চাইজির।
জিএমআর স্পোর্টসের প্রতিষ্ঠাতা তথা দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণ কুমার গ্রান্ধিও সৌরভের দীর্ঘ দিনের অবদানের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, দলের ক্রিকেটীয় কাঠামো সম্পর্কে সৌরভের গভীর ধারণা এবং অভিজ্ঞতা নতুন দায়িত্বে কাজে লাগবে।
সৌরভের সামনে অবশ্য বড় চ্যালেঞ্জও রয়েছে। দিল্লি ক্যাপিটালস এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। এ বার কোচ হিসেবে সেই অধরা সাফল্যের খোঁজেই নামবেন ‘দাদা’। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের সামনে আইপিএল কোচ হিসেবে নতুন অধ্যায় কতটা সফল হয়, নজর থাকবে সেদিকেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?