সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত!
ভারতীয় মহিলা ক্রিকেটে বড় পরিবর্তন। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছরের ক্রিকেটার। তবে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তিনি। অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে এ বার শুধুই ক্রিকেটার হিসেবে দেশের হয়ে খেলতে চান হরমনপ্রীত।
হরমনপ্রীতের এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠেছে, তাঁর জায়গায় কে দায়িত্ব নেবেন? এখনও নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে দীর্ঘ দিন দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলানো স্মৃতি মন্ধানার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তাঁর পাশাপাশি আরও কয়েক জন ক্রিকেটারের নামও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে।
২০১৬ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হাতে নিয়েছিলেন হরমনপ্রীত। মিতালি রাজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ২০২২ সালে তিনি এক দিনের দলেরও পূর্ণ সময়ের অধিনায়ক হন। পরে তিন ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় মহিলা ক্রিকেট পেয়েছে একাধিক ঐতিহাসিক সাফল্য।
সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৫ সালের এক দিনের বিশ্বকাপে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ জেতে ভারত। সেই জয়ের ফলে হরমনপ্রীত হন ভারতের প্রথম মহিলা অধিনায়ক, যাঁর নেতৃত্বে দেশ সিনিয়র স্তরের আইসিসি বিশ্বকাপ জেতে।
এর পর ২০২৬ সালের এশিয়ান গেমসেও ভারতকে সোনা জেতান হরমনপ্রীত। এর ফলে এশিয়াডে টানা দ্বিতীয় বার মহিলা ক্রিকেটে সোনা জেতে ভারতীয় দল। তাঁর নেতৃত্বের অধ্যায়ে এশিয়া কাপের সাফল্যও রয়েছে।
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করতে গিয়ে হরমনপ্রীত জানিয়েছেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। তাঁর কথায়, এই দায়িত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং কঠিন সময়। দলের স্বার্থকে সব সময় ব্যক্তিগত পারফরম্যান্স ও নিজের চাওয়া-পাওয়ার উপরে রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
তবে অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও তাঁর ক্রিকেট-যাত্রা থামছে না। হরমনপ্রীত স্পষ্ট করেছেন, ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা আগের মতোই থাকবে এবং তিনি দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান।
হরমনপ্রীতের নেতৃত্ব ছাড়ার ফলে ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এখন অপেক্ষা শুধু নতুন অধিনায়কের নাম ঘোষণার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?