সূর্যের পর এ বার সলমনের পালা?
ভারতের টি-টোয়েন্টি দলে যেমন সূর্যকুমার যাদবের নেতৃত্বে বদল এসেছে, তেমনই এ বার পাকিস্তানের টি-টোয়েন্টি দলেও বড় পরিবর্তনের ইঙ্গিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজ়ের আগে অধিনায়কত্ব হারাতে পারেন সলমন আলি আঘা। তাঁর জায়গায় শাদাব খানকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি বলে খবর। তবে চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি।
৯ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে পাকিস্তান। ৯, ১১ এবং ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচগুলি। তার আগেই নেতৃত্বে বদলের সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
শুধু অধিনায়কত্ব নয়, সলমনের টি-টোয়েন্টি দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরমহলের খবর উদ্ধৃত করে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন পরিকল্পনায় সলমনের জায়গা নাও হতে পারে।
নতুন অধিনায়ক হিসেবে শাদাব খানই আপাতত দৌড়ে এগিয়ে। অতীতে একাধিক বার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তবে সাহিবজ়াদা ফারহানও এই দৌড়ে রয়েছেন। একটি সূত্রের দাবি, শাদাবকে অধিনায়ক করা হলে ফারহানকে সহ-অধিনায়ক করা হতে পারে।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সলমন। সেই প্রতিযোগিতায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের পর থেকেই তাঁর নেতৃত্ব ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
শ্রীলঙ্কা সিরিজ়কে সামনে রেখে শুধু নেতৃত্বেই নয়, গোটা টি-টোয়েন্টি দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনার কথাও উঠে এসেছে। কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার বাদ পড়তে পারেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফের নামও সেই আলোচনায় রয়েছে। তবে তাঁদের বাদ পড়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি।
অর্থাৎ, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের আগে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে কার্যত পরিবর্তনের হাওয়া। সলমন থাকবেন কি না, আর থাকলেও নেতৃত্বে থাকবেন কি না—তার উত্তর মিলবে বোর্ডের চূড়ান্ত ঘোষণাতেই। আপাতত শাদাবের নামই সবচেয়ে জোরালো ভাবে উঠে আসছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।