এশিয়ান গেমসের স্কোয়াশে ভারত-পাক লড়াইয়ের পর জোড়া রুপো নিশ্চিত!
এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন অনাহত সিংহ। প্রথম ভারতীয় মহিলা স্কোয়াশ খেলোয়াড় হিসেবে এশিয়ান গেমসের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ১৮ বছরের এই তারকা। শুধু অনাহত নন, পুরুষদের সিঙ্গলসেও ফাইনালে উঠেছেন ভারতের অভয় সিংহ। ফলে স্কোয়াশ থেকে ভারতের জোড়া রুপো নিশ্চিত হয়েছে। সোনা জিততে পারলে দুই ভারতীয় খেলোয়াড়ের সামনেই খুলে যাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের দরজা।
অনাহতের সামনে সেমিফাইনালে ছিলেন বিশ্বের ছ’নম্বর খেলোয়াড় জাপানের সাতোমি ওয়াতানাবে। শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি ভারতীয় খেলোয়াড়ের। প্রথম দু’টি গেম ৯-১১ এবং ১১-১৩ ব্যবধানে হেরে কার্যত দেওয়ালের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। আর একটি গেম হারলেই শেষ হয়ে যেত ফাইনালে ওঠার স্বপ্ন।
কিন্তু চাপের মুহূর্তেই ম্যাচের ছবি বদলে দেন অনাহত। তৃতীয় গেমে ১২-১০ ব্যবধানে জয় তাঁর আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চতুর্থ গেম ১১-৬ এবং পঞ্চম গেম ১১-৩ ব্যবধানে জিতে নেন তিনি। শেষ পর্যন্ত ৯-১১, ১১-১৩, ১২-১০, ১১-৬, ১১-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেন অনাহত।
অন্য দিকে, পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালেও ছিল ভারত-পাকিস্তান লড়াই। ভারতের অভয় সিংহের সামনে ছিলেন পাকিস্তানের মহম্মদ ইরফান। কোয়ার্টার ফাইনালে ভারতের বীর চোত্রানীকে হারিয়েই শেষ চারে উঠেছিলেন ইরফান। ফলে এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা ছিল।
তবে কোর্টে সেই উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভয় শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন। মাত্র ৯ মিনিটে ১১-৩ ব্যবধানে প্রথম গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে কিছুটা প্রতিরোধ গড়েন ইরফান। এক সময় ৫-২ ব্যবধানে এগিয়েও যান পাকিস্তানের খেলোয়াড়। কিন্তু অভয় ধৈর্য ধরে ম্যাচে ফিরে ১২-১০ ব্যবধানে গেমটি জিতে নেন।
তৃতীয় গেমে আর কোনও সুযোগ দেননি অভয়। মাত্র আট মিনিটে ১১-৬ ব্যবধানে গেম জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করেন তিনি। মোট ৩৫ মিনিটের লড়াইয়ে ইরফানকে হারিয়ে ফাইনালে উঠে যান অভয়।
ফলে এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারতের পদক নিশ্চিত হল দু’টি। এখন নজর ফাইনালের দিকে। সোনা জিততে পারলে অনাহত এবং অভয়—দু’জনেরই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।