৪৪ বছর পর ম্যারাথনে পদক ভারতের, রুপোর দৌড় সাওয়ানের—শুটিংয়েও রুপো, স্কোয়াশে ব্রোঞ্জ

৪৪ বছর পর ম্যারাথনে পদক ভারতের! এশিয়ান গেমসে দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান। ম্যারাথনে ভারতের হয়ে রুপোর পদক জিতলেন সাওয়ান বারওয়াল। একই দিনে মহিলাদের দলগত শুটিংয়েও রুপো এল ভারতের ঘরে।…

September 26, 2026
1 min read

৪৪ বছর পর ম্যারাথনে পদক ভারতের!

এশিয়ান গেমসে দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান। ম্যারাথনে ভারতের হয়ে রুপোর পদক জিতলেন সাওয়ান বারওয়াল। একই দিনে মহিলাদের দলগত শুটিংয়েও রুপো এল ভারতের ঘরে। স্কোয়াশের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন জ্যোৎস্না চিনাপ্পা এবং ভেলাভান সেন্থিলকুমার। তবে ব্যাডমিন্টনের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন লক্ষ্য সেন।

ম্যারাথনে ভারতের শেষ পদক এসেছিল ১৯৮২ সালের এশিয়ান গেমসে। সে বার ব্রোঞ্জ জিতেছিলেন হোসুর কুক্কাপ্পা সীতারাম। তার পর থেকে আর কোনও ভারতীয় অ্যাথলিট এই ইভেন্টে পদক পাননি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন সাওয়ান।

২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জেতেন ভারতীয় সেনাবাহিনীর এই অ্যাথলিট। মাত্র ৪৮ সেকেন্ডের জন্য সোনা হাতছাড়া হয়েছে তাঁর। জাপানের ইচিতাকা ইয়ামাশিতা ২ ঘণ্টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছেন। ভারতের আর এক প্রতিযোগী কার্তিক কারকেরা ১৯ জনের মধ্যে ১৭তম হয়েছেন।

সাওয়ানের এই সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি নজির। প্রায় ৪৮ বছর ধরে অক্ষত থাকা শিবনাথ সিংহের জাতীয় ম্যারাথন রেকর্ড ভেঙেছিলেন তিনি ছ’মাস আগে। রটারডামে ২ ঘণ্টা ১১ মিনিট ৫৮ সেকেন্ড সময় করে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন সাওয়ান। এশিয়ান গেমসে নিজের সেই রেকর্ড আরও উন্নত করে ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি। ২০২৮ সালের অলিম্পিক্সকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন এই ভারতীয় অ্যাথলিট।

শুটিংয়েও এল রুপো। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে আশি চৌকসে, তিলোত্তমা সেন এবং বিদর্সা বিনোদ ১৭৬৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়েছেন। চিন ১৭৭৩ পয়েন্ট নিয়ে সোনা এবং কাজাখস্তান ১৭৫৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

স্কোয়াশে মিক্সড ডাবলসের সেমিফাইনালে চিনাপ্পা-সেন্থিলকুমার জুটি হংকংয়ের লি কা ই-ট্যাং মিং হং জুটির কাছে ১০-১১, ১১-২, ১০-১১ ব্যবধানে হেরেছে। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের।

অন্য দিকে, ব্যাডমিন্টনে প্রত্যাশা পূরণ করতে পারেননি লক্ষ্য সেন। দলগত ইভেন্টে ভাল খেললেও সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই সিঙ্গাপুরের লো কিন ইউয়ের কাছে ১২-২১, ২১-১৫, ১৪-২১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *