তার উপর একই দিনে দু’বার কোর্টে লক্ষ্য-সিন্ধু!!
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের দলগত বিভাগে পুরুষদের ব্রোঞ্জ ইতিমধ্যেই এসেছে ভারতের ঘরে। তবে মহিলাদের দল পদকের লড়াইয়ে শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি। এ বার ব্যক্তিগত বিভাগে সেই আক্ষেপ মেটানোর লক্ষ্যে নামছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা। তবে সিঙ্গলসে তাঁদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।
শুক্রবার থেকে শুরু হচ্ছে সিঙ্গলসের খেলা। পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন লক্ষ্য। ফলে সরাসরি রাউন্ড অফ ৩২-তে নামবেন তিনি। সেখানেই তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়ান ইউ। সেই ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্যর।
সেখানেও জয় পেলে সেমিফাইনালের পথে চিনের শি ইউকির মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে পারেন ভারতীয় তারকা। অর্থাৎ শুরু থেকেই লক্ষ্যকে একের পর এক বড় নামের বিরুদ্ধে লড়তে হতে পারে। ফাইনালে উঠতে হলে এই কঠিন বাধাগুলি পেরোতে হবে তাঁকে।
সিন্ধুর পথও খুব একটা সহজ নয়। মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে উঠলে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী চিনের চেন ইউফেই। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালে বিশ্বের অন্যতম শক্তিশালী খেলোয়াড় আন সে ইয়ংয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে সিন্ধুর।
কঠিন প্রতিপক্ষের পাশাপাশি সূচিও কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে দুই ভারতীয় তারকার সামনে। প্রথম রাউন্ডে বাই পাওয়ার কারণে শনিবারই দু’টি ম্যাচ খেলতে হতে পারে লক্ষ্য ও সিন্ধুকে। কয়েক ঘণ্টার ব্যবধানে রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬-র ম্যাচে কোর্টে নামার কথা তাঁদের।
একই দিনে পর পর দু’টি ম্যাচ মানে শারীরিক ধকল সামলানোর পাশাপাশি দ্রুত পুনরুদ্ধার করাটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে নামার আগে বিশ্রামের সময় কম থাকায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা এবং ম্যাচ পরিচালনার কৌশল বড় ভূমিকা নিতে পারে।
অন্য দিকে, ভারতের ডাবলস তারকা সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির ড্র তুলনায় সহজ। ফলে সিঙ্গলসের দুই তারকার তুলনায় ডাবলস জুটির সামনে আপাতত কম কঠিন পথ দেখা যাচ্ছে।
দলগত বিভাগে পুরুষদের ব্রোঞ্জ ভারতের পদকের খাতা খুলেছে। এবার ব্যক্তিগত বিভাগে লক্ষ্য ও সিন্ধুর দিকে তাকিয়ে থাকবে ভারতীয় সমর্থকেরা। তবে তাঁদের সামনে থাকা ড্র এবং ব্যস্ত সূচি বলছে, পদকের মঞ্চে পৌঁছতে হলে শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে হবে দুই তারকাকে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।