অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপের ল্যান্ডফল, ৭৫ কিমি বেগে ঝড়! পুরীতে সমুদ্রে নামা নিষেধ

অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপের ল্যান্ডফল! অন্ধ্রপ্রদেশের উপকূলে স্থলভাগে ঢুকে পড়েছে গভীর নিম্নচাপ। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ১টার মধ্যে শ্রীকাকুলাম জেলার কলিঙ্গপটনমের কাছ দিয়ে এর ‘ল্যান্ডফল’ হয়েছে বলে জানিয়েছে…

September 24, 2026
1 min read

অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপের ল্যান্ডফল!

অন্ধ্রপ্রদেশের উপকূলে স্থলভাগে ঢুকে পড়েছে গভীর নিম্নচাপ। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ১টার মধ্যে শ্রীকাকুলাম জেলার কলিঙ্গপটনমের কাছ দিয়ে এর ‘ল্যান্ডফল’ হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। স্থলভাগে ঢোকার পর সিস্টেমটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি চলছে।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার পর্যন্ত উঠেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ গভীর নিম্নচাপটির অবস্থান ছিল কলিঙ্গপটনমের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে। বিশাখাপত্তনম থেকে সেটি ছিল প্রায় ৮০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এর প্রভাব পড়েছে পুরীর সমুদ্রতটেও। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আপাতত পর্যটকদের সমুদ্রে নামতেও নিষেধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় লাল পতাকা টাঙানো হয়েছে এবং সমুদ্রতটে লাইফগার্ড মোতায়েন রাখা হয়েছে।

আগামী দু’দিন পুরী ও আশপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার রাত পর্যন্ত গভীর নিম্নচাপটি শক্তিশালী অবস্থায় থাকতে পারে। তার পরে ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হতে পারে সেটি। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি চললেও শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাতেও ইতিমধ্যে দুর্যোগের ছবি সামনে এসেছে। বুধবার সকাল থেকেই একাধিক শহরে টানা বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং নিচু এলাকা জলমগ্ন হয়েছে। বিজয়ওয়াড়ায় টানা দু’দিন স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিম্নচাপের প্রভাব পড়েছে পূর্ব ভারতের অন্য এলাকাতেও। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে এই নিষেধাজ্ঞা শুক্রবার পর্যন্ত বহাল থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কমতে পারে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *