এশিয়ান গেমসের আগে রোয়িংয়ে অশান্তি, শেষ মুহূর্তে দল বদল ঘিরে অনুশীলন বয়কট

এশিয়ান গেমসের আগে রোয়িংয়ে অশান্তি! এশিয়ান গেমস শুরুর ঠিক আগে ভারতীয় রোয়িং শিবিরে তৈরি হল অস্বস্তি। প্রতিযোগিতার আগে একের পর এক ইভেন্টে শেষ মুহূর্তে দল পরিবর্তনের অভিযোগ তুলে মঙ্গলবার অনুশীলন…

September 23, 2026
0 min read

এশিয়ান গেমসের আগে রোয়িংয়ে অশান্তি!

এশিয়ান গেমস শুরুর ঠিক আগে ভারতীয় রোয়িং শিবিরে তৈরি হল অস্বস্তি। প্রতিযোগিতার আগে একের পর এক ইভেন্টে শেষ মুহূর্তে দল পরিবর্তনের অভিযোগ তুলে মঙ্গলবার অনুশীলন বয়কট করেন ভারতীয় রোয়ারেরা। এমনকি পরিস্থিতির সমাধান না হলে এশিয়ান গেমসে না নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল বলে খবর। পরে আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যায় বলে জানা গিয়েছে।

রোয়ারদের অভিযোগ, সোমবার অনুশীলন শেষ হওয়ার পর এক দফা দল বদল করা হয়। মঙ্গলবার সকালে ফের একাধিক পরিবর্তন করা হয়। এত অল্প সময়ে সতীর্থ বদলে যাওয়ায় দীর্ঘ দিন ধরে তৈরি করা বোঝাপড়া নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাঁদের বক্তব্য, প্রতিযোগিতার আগে এমন পরিবর্তন হলে প্রত্যাশিত পারফরম্যান্স করা কঠিন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছেলেদের ডাবল স্কালসে নবদীপ সিংহ এবং কুলবিন্দর সিংহের নাম ছিল। পরে তাঁদের কোয়াড্রপল স্কালসে পাঠানো হয়। সেই দলে থাকা সলমন এবং সৎনামকে আবার ডাবল স্কালসে আনা হয়। কোয়াড্রপল স্কালস থেকে বলরাজ পানওয়ারকে সরিয়ে সিঙ্গলস স্কালসে নামানোর পরিকল্পনাও করা হয়। অন্য দিকে, অরবিন্দ সিংহকে সিঙ্গলস থেকে সরিয়ে কোয়াড্রপল স্কালসে নেওয়া হয়।

পরিবর্তন শুধু এই ইভেন্টগুলিতেই সীমাবদ্ধ ছিল না। বিপুল ঘুরদেকে ছেলেদের পেয়ার ইভেন্ট থেকে সরিয়ে কক্সলেস ফোরে পাঠানো হয়। রিজার্ভ হিসাবে থাকা জসমিল সিংহকে সেই দলে ঢোকানো হয়। সৌরভ কুমারকে মূল দল থেকে সরিয়ে রিজার্ভ করা হয়। নীতীন কুমার এবং জসবিন্দর সিংহকেও কক্সলেস ফোর থেকে পেয়ার ইভেন্টে নিয়ে আসা হয়।

কর্তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রোয়ারেরা। তাঁদের বক্তব্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন করা হলেও, প্রতিযোগিতার এত কাছাকাছি সময়ে একাধিক দল বদল করলে পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা হয়। নিয়ম অনুযায়ী অসুস্থতার ক্ষেত্রে দলের সর্বোচ্চ ৫০ শতাংশ সদস্য পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেছেন। কিন্তু দলের কোনও সদস্য অসুস্থ না হওয়া সত্ত্বেও কেন এত পরিবর্তন করা হল, সেই প্রশ্নই তুলেছেন খেলোয়াড়েরা।

শেষ পর্যন্ত অবশ্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। ফলে ভারতীয় রোয়িং দল এশিয়ান গেমসে অংশ নেবে কি না, তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কেটে গিয়েছে।

গত এশিয়ান গেমসে ভারতীয় রোয়ারেরা দু’টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এ বারও তাঁদের দিকে নজর রয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে রোয়িং প্রতিযোগিতা নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন পিছিয়েছে। ২০ সেপ্টেম্বরের পরিবর্তে বুধবার থেকে শুরু হওয়ার কথা প্রতিযোগিতা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *