ব্যাটই করতে হল না হরমনপ্রীত-স্মৃতিকে!
পদক জয়ের আর মাত্র এক ধাপ দূরে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন হরমনপ্রীত কৌরেরা। ম্যাচটি এতটাই একপেশে হয়েছে যে রান তাড়া করতে নামার পর অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানাকে ব্যাটই করতে হয়নি। মাত্র পাঁচ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। ভারতের বোলিংয়ের সামনে শুরু থেকেই সমস্যায় পড়ে জাপান। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার আয়াকা কাতো স্ট্যাফোর্ড। ৪৭ বল খেলে তাঁর সংগ্রহ ২৫ রান। অন্য ওপেনার হারুনা ইওয়াসাক করেন ১০ রান। জাপানের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শ্রী চরণী। ১০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। শেফালি বর্মা ১৩ রানে নেন দুই উইকেট। শ্রেয়াঙ্ক পটেল ৮ রান দিয়ে একটি এবং দীপ্তি শর্মা ১৪ রান দিয়ে একটি উইকেট নেন।
জাপানের দেওয়া ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জয় নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে নেয় ভারত। সেই কারণে দলের দুই অভিজ্ঞ ব্যাটার হরমনপ্রীত এবং স্মৃতিকে ক্রিজ়ে আসার প্রয়োজনই পড়েনি।
শেফালি বর্মা ওপেন করতে নেমে মাত্র ১৫ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ছয়টি চার এবং দুটি ছয়। অবশ্য তাঁর সঙ্গে ওপেন করতে নামা গুনালান কমলিনী কোনও রান না করেই আউট হন। তিন নম্বরে নেমে ভারতী ফুলমালিও ৬ রান করে ফিরে যান।
এর পর রিচা ঘোষ ম্যাচ শেষ করে দেন। বাংলার উইকেটরক্ষক-ব্যাটার ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন দু’টি চার। জাপানের হয়ে একটি উইকেট নেন নোনোহা ইয়াসুমোতো।
এই জয়ের ফলে এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। শেষ বার সোনা জেতা ভারতীয় দল এবারও পদকের লড়াইয়ে রয়েছে। সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলেই অন্তত রুপোর পদক নিশ্চিত হবে।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ফলে ফাইনালের আগে ভারতকে পেরোতে হবে বাংলাদেশকে। জাপানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে যে ভাবে দ্রুত ম্যাচ শেষ করলেন হরমনপ্রীতেরা, তাতে আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচে নামবে ভারত।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।