শাহরুখের ‘কিং’সুলভ’ সকালের অভ্যাস কী
বলিউডের ‘কিং’ শাহরুখ খান। পর্দায় তাঁর রাজকীয় উপস্থিতির সঙ্গে বাস্তব জীবনের মজার স্বভাবও অনুরাগীদের অজানা নয়। এ বার নিজেই জানালেন, প্রতিদিন সকালে তাঁর দিনটা কী ভাবে শুরু হয়। উত্তর শুনে অবশ্য বোঝাই গেল, শাহরুখের রসবোধ এখনও আগের মতোই তীক্ষ্ণ।
‘কিং’ ছবির প্রচারের আগে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানেই এক অনুরাগী জানতে চান, বাস্তব জীবনে তাঁর সবচেয়ে ‘রাজকীয়’ বা ‘কিং’-এর মতো অভ্যাস কোনটি?
শাহরুখের উত্তর ছিল বেশ মজার। অভিনেতা জানান, সকালে বিছানায় শুয়ে শুয়েই তিনি তিন কাপ কফি খান। তার আগে তাঁর সঙ্গে কেউ কথা বলার সুযোগ পান না। এমনকি কাজের জন্য দেরি হয়ে গেলেও কফি খাওয়ার নিয়মে নাকি কোনও পরিবর্তন হয় না।
শাহরুখের রসিকতা, কফি খেতে খেতে যদি সেটে পৌঁছতে দেরি হয়ে যায়, তা হলে সেখানে গিয়ে বকা খেতে হয়। আর সেই বকা খেলেই তাঁর ‘রাজাসুলভ’ মেজাজ মুহূর্তে উধাও হয়ে যায়! তাঁর এই উত্তরেই স্পষ্ট, নিজের অভ্যাস নিয়েও মজা করতে পিছপা নন অভিনেতা।
তবে তিন কাপ কফির প্রসঙ্গ উঠতেই স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে—এতটা কফি কি শরীরের জন্য ঠিক? এর উত্তর নির্ভর করে কফির ধরন, কাপের আকার এবং প্রতি কাপে ক্যাফিনের পরিমাণের উপর। একই পরিমাণ কফিতে সব সময় সমান ক্যাফিন থাকে না।
ক্যাফিন মূলত মস্তিষ্কে ক্লান্তি ও ঘুমঘুম ভাবের সঙ্গে যুক্ত অ্যাডিনোসিনের কার্যকলাপে বাধা দেয়। ফলে সাময়িক ভাবে সতর্কতা এবং সজাগ ভাব বাড়তে পারে। সেই কারণেই সকালে ঘুম কাটাতে বা কাজের মাঝে চাঙ্গা থাকতে অনেকেই কফির উপর নির্ভর করেন।
প্রায় ৩৫৫ মিলিলিটার সাধারণ কফিতে আনুমানিক ১১৩ থেকে ২৪৭ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন থাকতে পারে। অর্থাৎ তিন কাপ কফি খেলেই ঠিক কতটা ক্যাফিন শরীরে যাচ্ছে, তা কফির ধরন ও তৈরির পদ্ধতির উপর যথেষ্ট নির্ভরশীল।
অতিরিক্ত ক্যাফিন অবশ্য সবার শরীরে একই ভাবে সহ্য হয় না। কারও ক্ষেত্রে উদ্বেগ বা অস্থিরতা বাড়তে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আবার কারও হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, বুক ধড়ফড় বা হজমের গোলমালের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই শুধু কোনও তারকার অভ্যাস দেখে নিজের কফি খাওয়ার পরিমাণ ঠিক করা ঠিক নয়।
কফি শরীরে কোনও সমস্যা তৈরি না করলে একেবারে বাদ দেওয়ারও প্রয়োজন নেই। তবে দিনে মোট কতটা ক্যাফিন নেওয়া হচ্ছে, ঘুম কেমন হচ্ছে এবং শরীর কী ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে—সেই বিষয়গুলির দিকে নজর রাখা জরুরি। শাহরুখের ‘কিং’-সুলভ সকালের রুটিন তাই মজার হলেও, তাঁর তিন কাপ কফির অভ্যাস হুবহু অনুসরণ করার আগে নিজের শরীরের কথা শোনাই বেশি গুরুত্বপূর্ণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।