কলকাতার কাছে ঘনীভূত নিম্নচাপ!
টানা বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। তার মধ্যেই আরও অস্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে স্থলভাগের আরও কাছে চলে এসেছে। ফলে মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও অতি ভারী, কোথাও আবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ অঞ্চলটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়। এরপর সেটি ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসে। সকাল সাড়ে ১১টার হিসাব অনুযায়ী, নিম্নচাপটি কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। বর্ধমান থেকে তার দূরত্ব ছিল প্রায় ৭০ কিলোমিটার এবং বাঁকুড়া থেকে প্রায় ১৪০ কিলোমিটার।
আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাব কাটতে এখনও সময় লাগবে।
দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি?
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ২০ সেন্টিমিটারের বেশি অতি তীব্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
অন্য দিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে রয়েছে কমলা সতর্কতা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা রয়েছে।
মঙ্গলবারের পরেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
সমুদ্রেও বিপদের আশঙ্কা
শুধু স্থলভাগ নয়, নিম্নচাপের প্রভাব পড়বে সমুদ্রেও। সমুদ্রে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
ফলে আপাতত রাজ্যজুড়ে দুর্যোগ কাটার সম্ভাবনা নেই। মঙ্গলবার দিনভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।