হরমনপ্রীতের জোড়া গোল!
হকি বিশ্বকাপের অভিযান জয় দিয়েই শুরু করল ভারত। শনিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল ভারতীয় দল। জয়ের নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তাঁর স্টিক থেকেই এসেছে জোড়া গোল। বাকি গোলটি করেছেন সঞ্জয়। ভারতের তিনটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।
ওয়েলসের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য পরিসংখ্যান ভারতের পক্ষেই ছিল। আগের পাঁচ সাক্ষাতে চার বার ওয়েলসকে হারিয়েছিল ভারত, একটি ম্যাচ ড্র হয়েছিল। তবে এ দিনের ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই সহজ ছিল না। প্রথম কয়েক মিনিটে আক্রমণের ঝড় তোলে ওয়েলস। বেশ কয়েক বার ভারতের রক্ষণে চাপ তৈরি হলেও গোলকিপার সূরজ কারকেরা দৃঢ় হাতে সব আক্রমণ সামলে দেন।
প্রথম কোয়ার্টারেই ভারতের দাপট
৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় সুযোগ কাজে লাগান সঞ্জয়। ওয়েলসের গোলকিপারের পায়ের নীচ দিয়ে বল জালে জড়িয়ে যায়।
এর মাত্র দু’মিনিট পরেই ব্যবধান বাড়ায় ভারত। এ বার গোলদাতা হরমনপ্রীত। তাঁর নিখুঁত শটে কোনও রকম সুযোগ পাননি ওয়েলসের গোলকিপার ও ডিফেন্ডারেরা। ফলে প্রথম কোয়ার্টারেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেনি দল। অন্য দিকে, পাল্টা আক্রমণে ওয়েলসও একটি বড় সুযোগ পেয়েছিল। স্ট্রাইকার প্রিচার্ড গোলকিপারকে কাটিয়ে বেরিয়ে গেলেও তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।
ভারতও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। বাঁ দিক থেকে বল পেয়ে রাজিন্দর শট নিলেও তা গোলের বাইরে চলে যায়।
হরমনপ্রীতের দ্বিতীয় গোল
তৃতীয় কোয়ার্টারে ওয়েলস ফের আক্রমণের ঝাঁঝ বাড়ায়। ভারতের বক্সে বেশ কয়েক বার ঢুকে পড়লেও জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। বরং কোয়ার্টারের শেষ দিকে আবার গোল করে ভারত।
এ বারও পেনাল্টি কর্নার থেকে সরাসরি বল জালে পাঠান হরমনপ্রীত। ফলে তাঁর ব্যক্তিগত গোলসংখ্যা দাঁড়ায় দুই এবং ভারতের ব্যবধান বেড়ে হয় ৩-০।
চতুর্থ কোয়ার্টারে ওয়েলসের গ্যারেথ ফারলংয়ের পেনাল্টি কর্নারের শট দুর্দান্ত ভাবে বাঁচান কারকেরা। তবে শেষ পর্যন্ত ভারত ক্লিনশিট ধরে রাখতে পারেনি। ১১ মিনিটের মাথায় গোলের সামনে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে ভারতের জালে বল পাঠান ওয়েলসের স্যাম ওয়েলশ।
শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ভারত। হরমনপ্রীতের নেতৃত্বে পেনাল্টি কর্নারে দুর্দান্ত কার্যকারিতা এবং রক্ষণে কারকেরার পারফরম্যান্সই এই জয়ের অন্যতম বড় ইতিবাচক দিক হয়ে থাকল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।