অবসরের খবর শুনেই ফোন সচিন, কোহলি, রোহিত, বুমরাহদের!
আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন অজিঙ্ক রাহানে। তাঁর সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের একাধিক তারকা। অবসরের খবর পাওয়ার পর রাহানের সঙ্গে যোগাযোগ করেছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, চেতেশ্বর পুজারার মতো ক্রিকেটারেরা।
রাহানের অবসরের সিদ্ধান্ত সতীর্থ এবং প্রাক্তন সতীর্থদের অনেককেই অবাক করেছিল। তাঁদের মনে হয়েছিল, এখনও হয়তো কিছু দিন ক্রিকেট খেলতে পারতেন তিনি। তাই অবসরের খবর প্রকাশ্যে আসার পর একে একে রাহানের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে রাহানে জানিয়েছেন, তাঁকে প্রথম ফোন করেছিলেন সচিন তেন্ডুলকর। সচিনের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, সেটিও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার।
রাহানের কথায়, ‘‘সচিন পাজি সকলের আগে ফোন করেছিল। বলল, আরও খেলতে পারতাম। আমি বললাম, আমার কোনও দুঃখ নেই। তাই আর টেনে নিয়ে যেতে চাই না।’’
শুধু সচিন নন, রাহানের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, ইরফান পাঠান এবং চেতেশ্বর পুজারাও। প্রত্যেকের কাছেই নিজের অবসরের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছিলেন তিনি।
রাহানে বলেন, ‘‘ইরফান, বিরাট, রোহিত, বুমরাহ, পুজারা সকলে মেসেজ করেছিল। সকলকে একটাই কথা বলেছি। আমার কোনও দুঃখ নেই। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। তাই এটাই অবসরের সেরা সময় ছিল।’’
অবসরের ঘোষণা একটি ভিডিয়োবার্তার মাধ্যমে করেছিলেন রাহানে। সেই ভিডিয়ো তৈরি করার পর নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। কারণ, দীর্ঘ ক্রিকেটজীবনের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।
রাহানের কথায়, ‘‘ভিডিয়োটার পর খুব কেঁদেছিলাম। অবসরের আগে পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু ভিডিয়োটা করার পর এতটা আবেগপ্রবণ হয়ে পড়ব ভাবিনি। আসলে এত বছর ধরে যেটা করতে ভালবেসেছি, সেটাই তো আর করতে পারব না। এই সব কথা মাথায় ঘুরছিল।’’
দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলে সুযোগ পাননি রাহানে। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে প্রত্যাশিত সাফল্য পাননি। সেই পরিস্থিতির মধ্যেই আচমকা ক্রিকেটকে বিদায় জানান তিনি।
তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না রাহানে। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকার ইচ্ছা রয়েছে তাঁর। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের পর এ বার নতুন ভূমিকায় তাঁকে দেখা যায় কি না, সেটাই দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।