‘শাকিব নষ্ট, পচে যাওয়া মানুষ’, কটাক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার, নিরাপত্তা পেলেও মামলা চলবে

‘শাকিব নষ্ট, পচে যাওয়া মানুষ’! দেশে ফিরতে চাইলে নিরাপত্তা দেওয়া হবে শাকিব আল হাসানকে। তবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে না। মঙ্গলবার এমনটাই স্পষ্ট করে জানালেন বাংলাদেশের…

August 11, 2026
1 min read

‘শাকিব নষ্ট, পচে যাওয়া মানুষ’!

দেশে ফিরতে চাইলে নিরাপত্তা দেওয়া হবে শাকিব আল হাসানকে। তবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে না। মঙ্গলবার এমনটাই স্পষ্ট করে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। শুধু তা-ই নয়, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলেও কটাক্ষ করেছেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন শাকিব। কানপুরে ভারতের বিরুদ্ধে সেই টেস্টের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর শাকিবের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র-সহ একাধিক মামলা হয়। সেই সময় তিনি আওয়ামী লীগের সাংসদও ছিলেন। মামলাগুলি এখনও চলছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, শাকিব প্রসঙ্গে জাহেদ বলেন, ‘‘ভাল খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে যুক্ত হন এবং এখনও যুক্ত থাকেন, তিনি ভাল নন।’’

তবে দেশে ফিরলে শাকিবকে নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন জাহেদ। তাঁর কথায়, ‘‘শাকিব দেশে ফিরতে চাইলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। আইনি অধিকারও পাবেন। তবে তাঁকে আদালতের মুখোমুখি হতে হবে।’’

অর্থাৎ, শাকিব দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হলেও তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া বন্ধ হবে না। জাহেদের বক্তব্যে স্পষ্ট, সামাজিক নিরাপত্তা দেওয়া হলেও আইনি দায় থেকে তাঁকে কোনও ছাড় দেওয়া হবে না। সম্প্রতি শাকিব নিজেও জানিয়েছিলেন, নিরাপত্তা দেওয়া হলে বাংলাদেশে ফিরে আইনের মুখোমুখি হতে তাঁর আপত্তি নেই।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একই অবস্থানের কথা জানিয়েছেন জাহেদ। তিনি বলেন, ‘‘শেখ হাসিনাও দেশে ফিরলে সম্পূর্ণ নিরাপত্তা পাবেন। পূর্ণ নিরাপত্তা-সহ বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন। যথাযথ আইনি অধিকার ভোগ করবেন। তার পর আদালত যে সিদ্ধান্ত নেবে, তা সকলকে মেনে নিতে হবে।’’

বাংলাদেশ সরকারের কাজকর্মের অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই শাকিব ও হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ ওঠে। সেই সময় দু’জনের ক্ষেত্রেই সরকারের অবস্থান স্পষ্ট করে দেন জাহেদ।

এ দিকে, শাকিবের ক্রিকেটজীবনও বেশ কিছু দিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে কানপুর টেস্টের পর আর বাংলাদেশের হয়ে খেলেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও দেশের জার্সিতে তাঁর প্রত্যাবর্তন হয়নি। বর্তমানে আমেরিকায় থাকেন এবং বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন।

সম্প্রতি প্রাক্তন ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায় বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে শাকিবকে। তার পর থেকেই ফের বাংলাদেশের হয়ে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দেশে ফেরা এবং আইনি মামলার বিষয়টি এখনও তাঁর সামনে বড় বাধা হয়ে রয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *