আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া মঞ্চে বৈভব!
ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এ বার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বৈভব সূর্যবংশী। পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে খেলবেন বিহারের এই ১৫ বছরের ব্যাটার। শুধু দলে জায়গাই নয়, তাঁকে সহ-অধিনায়কের দায়িত্বও দিয়েছে পূর্বাঞ্চল। সেই দায়িত্বের মর্যাদা রাখতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বৈভব।
আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ক্রিকেট—যে কোনও প্রতিযোগিতায় বৈভবকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর ব্যাটিং নিয়ে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা। কোচেরা অবশ্য তাঁকে বাড়তি চাপ দিতে চান না। কিন্তু সেই প্রত্যাশার কথা অজানা নয় বৈভবেরও। তাই দলীপ ট্রফির আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি।
সমাজমাধ্যমে নিজের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিয়োও পোস্ট করেছেন বৈভব। তাতে স্পষ্ট, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার পর ঘরোয়া ক্রিকেটের চ্যালেঞ্জের জন্যও নিজেকে তৈরি করছেন তিনি।
দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের নেতৃত্ব দেবেন ঈশান কিশন। দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মহম্মদ শামির মতো অভিজ্ঞ ক্রিকেটারও। তাঁদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন বৈভব। তার মধ্যেই ১৫ বছরের ক্রিকেটারকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
মূলত ভবিষ্যতের জন্য বৈভবকে আরও পরিণত করে তোলাই এই দায়িত্ব দেওয়ার অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। নেতৃত্বের অভিজ্ঞতাও অবশ্য বৈভবের কাছে একেবারে নতুন নয়। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বিহারের সহ-অধিনায়কত্ব করেছেন তিনি। ফলে পূর্বাঞ্চলের হয়ে এই দায়িত্ব সামলানোর ক্ষেত্রেও কিছুটা অভিজ্ঞতা কাজে লাগবে তাঁর।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও জ়িম্বাবোয়ে সফরে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন বৈভব। তিনটি ইনিংসে ৫০.৩৩ গড়ে ১৫১ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৬.১০।
এ বার সেই আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজেকে আরও পরিণত করে তুলতে চাইবেন বৈভব। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।