শুটিংয়ের মাঝেই গুরুতর চোট, পেশি ছিঁড়ে বিশ্রামে রশ্মিকা মন্দানা!
ব্যস্ত শুটিং সূচির মাঝেই গুরুতর চোট পেলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। আসন্ন ছবি ‘মাইসা’-র একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালীন তাঁর ডান দিকের নিতম্বের একটি গুরুত্বপূর্ণ পেশি ছিঁড়ে যায়। সোমবার রাতে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের উদ্বেগের জবাব দিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তিনি জানান, এটি তাঁর কেরিয়ারে তৃতীয় বড় চোট।
রশ্মিকার কথায়, এবার তিনি বুঝতে পেরেছেন শরীরেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে। তিনি জানান, নিতম্ব থেকে পায়ের সঙ্গে সংযোগকারী চারটি প্রধান পেশির মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে পা তোলা বা অতিরিক্ত নড়াচড়া করাও তাঁর পক্ষে কঠিন হবে।
অভিনেত্রীর দাবি, ‘মাইসা’ তাঁর অভিনয়জীবনের অন্যতম কঠিন এবং শারীরিক পরিশ্রমসাপেক্ষ ছবি। সেই ছবির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময়ই এই দুর্ঘটনা ঘটে। ফলে আপাতত কয়েক দিনের জন্য কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তিনি।
তবে চোটের খবর জানিয়ে অনুরাগীদের আশ্বস্তও করেছেন রশ্মিকা। তিনি জানিয়েছেন, ব্যথা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছেন। এই অনাকাঙ্ক্ষিত বিরতিকে তিনি বিশ্রামের সুযোগ হিসেবেই দেখছেন। মজার ছলে অভিনেত্রী লেখেন, হয়তো ঈশ্বরই তাঁকে জোর করে কিছুদিন বিশ্রাম নিতে বাধ্য করেছেন।
চোটের কারণে আপাতত জিমে যাওয়া, শরীরচর্চা কিংবা দৌড়— সবই বন্ধ রাখতে হচ্ছে। নিয়মিত ব্যায়াম করতে না পারায় ওজন বেড়ে যাওয়ার আশঙ্কার কথাও হাস্যরসের সঙ্গেই ভাগ করে নিয়েছেন তিনি। অবসর সময়ে ধাঁধা সমাধান এবং বিশ্রাম নিয়েই সময় কাটছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।
পোস্টের শেষে অনুরাগীদের উদ্দেশে রশ্মিকার বার্তা, তাঁকে নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ফিরতে চান এবং খুব শীঘ্রই নতুন কাজের খবরও সবার সঙ্গে ভাগ করে নেবেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?