হার্দিককে ঘিরে আইপিএলে ট্রান্সফার যুদ্ধ!
আইপিএলের অন্যতম বড় ট্রান্সফার কাহিনিতে পরিণত হয়েছেন হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকেই তাঁকে দলে টানতে ঝাঁপিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস— সবাই আগ্রহী। তবে আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। কিন্তু এই সম্ভাব্য চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ১৯ বছরের এক তরুণ ক্রিকেটার— আয়ুষ মাত্রে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে ছাড়তে রাজি মুম্বই, তবে বিনিময়ে বড়সড় মূল্য চাইছে তারা। শুধু অর্থ নয়, ভবিষ্যতের কথা ভেবেই চেন্নাইয়ের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রেকেও দলে নিতে আগ্রহী মুম্বই কর্তৃপক্ষ। গত আইপিএলে প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করে নজর কেড়েছিলেন মাত্রে। সেই কারণেই তাঁকে ছাড়তে কোনও ভাবেই রাজি নয় চেন্নাই।
প্রথম দফার আলোচনায় চেন্নাইয়ের পক্ষ থেকে শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস এবং অতিরিক্ত ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ব্রেভিসকে নিতে আগ্রহ দেখায়নি মুম্বই। তাদের স্পষ্ট অবস্থান— শিবম দুবের পাশাপাশি আয়ুষ মাত্রেকেও চাই। এই জায়গাতেই আটকে রয়েছে দুই ফ্র্যাঞ্চাইজির আলোচনা।
অন্য দিকে, চেন্নাইয়ের পাল্টা মত, দুবেকে ছাড়া সম্ভব হলেও মাত্রেকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখা হচ্ছে। ফলে তাঁকে কোনও অবস্থাতেই ট্রেডে অন্তর্ভুক্ত করতে চায় না তারা। বর্তমানে দুবে এবং নগদ অর্থ নিয়ে দুই পক্ষের মধ্যে নীতিগত আলোচনা এগোলেও দ্বিতীয় ক্রিকেটার কে হবেন, তা নিয়েই চলছে দর কষাকষি।
আর্থিক হিসাবও এই ট্রান্সফারকে আরও জটিল করে তুলেছে। শিবম দুবেকে গত নিলামে প্রায় ১২ কোটি টাকায় ধরে রেখেছিল চেন্নাই। আয়ুষ মাত্রের চুক্তিমূল্য মাত্র ৩০ লক্ষ টাকা। ডেওয়াল্ড ব্রেভিসের দাম প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা। ফলে হার্দিককে দলে টানতে চেন্নাইয়ের মোট খরচ সহজেই ২০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এই জটিল সমীকরণের কারণেই কলকাতা, রাজস্থান কিংবা গুজরাতের তুলনায় কিছুটা এগিয়ে থেকেও এখনও চূড়ান্ত চুক্তি করতে পারেনি চেন্নাই। বিশেষজ্ঞদের মতে, যদি আয়ুষ মাত্রেকে নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজি সমঝোতায় পৌঁছতে না পারে, তা হলে এই বহুচর্চিত ট্রান্সফার শেষ মুহূর্তে ভেস্তেও যেতে পারে।
এক সময় গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা হার্দিক পাণ্ড্য এখন ট্রান্সফার বাজারের সবচেয়ে বড় আকর্ষণ। তবে তাঁর ভবিষ্যৎ কোন দলে, সেই উত্তর আপাতত নির্ভর করছে তরুণ আয়ুষ মাত্রেকে ঘিরে চেন্নাই ও মুম্বইয়ের দরাদরির উপর।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?