ব্যাডমিন্টন ছেড়ে স্কোয়াশে বাজি! মা-বাবার সুবিধার কথা ভেবেই বদল সিদ্ধান্ত, আজ বিশ্বজয়ী ভারতের নতুন ‘স্কোয়াশ কুইন’ অনাহত

ব্যাডমিন্টন ছেড়ে স্কোয়াশে বাজি!! মাত্র ১৮ বছর বয়সেই ইতিহাস গড়েছেন অনাহত সিংহ। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বাংলার সৌরভ…

July 26, 2026
1 min read

ব্যাডমিন্টন ছেড়ে স্কোয়াশে বাজি!!

মাত্র ১৮ বছর বয়সেই ইতিহাস গড়েছেন অনাহত সিংহ। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বাংলার সৌরভ ঘোষালের অবসরের পর স্কোয়াশে ভারতের সবচেয়ে উজ্জ্বল মুখ এখন এই দিল্লির তরুণী। তবে মজার বিষয় হল, স্কোয়াশ কোনও দিনই তাঁর প্রথম ভালোবাসা ছিল না।

ছোটবেলায় অনাহতর স্বপ্ন ছিল ব্যাডমিন্টন তারকা হওয়ার। মাত্র ছয় বছর বয়সে দিল্লিতে ইন্ডিয়া ওপেনে পিভি সিন্ধুর খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই অনুপ্রেরণাতেই হাতে তুলে নিয়েছিলেন ব্যাডমিন্টন র‌্যাকেট। বয়সভিত্তিক একাধিক প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছিলেন। এখনও অলিম্পিক্স পদকজয়ী সিন্ধুর বড় ভক্ত তিনি এবং এক দিন তাঁর সঙ্গে দেখা করার স্বপ্ন দেখেন।

তবে পরে জীবনের মোড় ঘুরে যায়। অনাহতর দিদি আমিরা সিংহ ছিলেন দেশের অন্যতম সেরা জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়। দিদির সঙ্গে নিয়মিত স্কোয়াশ কোর্টে যেতেন অনাহতও। তখনই বুঝতে পারেন, দুই বোনের জন্য আলাদা আলাদা খেলার অনুশীলনে নিয়ে যাওয়া বাবা-মায়ের পক্ষে বেশ কঠিন হয়ে পড়ছে। পরিবারের কথা ভেবেই ব্যাডমিন্টন ছেড়ে স্কোয়াশকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নেন তিনি।

অনাহতর বাবা গুরশরন সিংহ পেশায় আইনজীবী এবং মা তানি ভেদেহরা সিংহ একজন ইন্টেরিয়র ডিজ়াইনার। দু’জনেই ছোটবেলায় হকি খেলতেন। তাই ছোট থেকেই মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিয়েছেন। বড় বোন আমিরা এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন।

দিল্লির ব্রিটিশ স্কুলের ছাত্রী অনাহত বয়সভিত্তিক বিভাগে একের পর এক সাফল্য পেয়েছেন। অনূর্ধ্ব-১১ বিভাগে ভারতের এক নম্বর এবং অনূর্ধ্ব-১৩ বিভাগে এশিয়া ও ইউরোপের শীর্ষ খেলোয়াড় ছিলেন তিনি। খুব অল্প বয়সেই বুঝিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারেন।

বিশ্বজয়ের আগেও তাঁর ঝুলিতে ছিল একাধিক আন্তর্জাতিক সাফল্য। ২০১৯ সালে মাত্র ১১ বছর বয়সে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রথম আন্তর্জাতিক পদক জেতেন। পরে ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে একই প্রতিযোগিতায় সোনা জেতেন। ২০২২ সালের এশিয়ান গেমসে দলগত বিভাগে জোড়া ব্রোঞ্জ এবং ২০২৫ বিশ্বকাপে মিক্সড ডাবলসে সোনাও রয়েছে তাঁর ঝুলিতে।

গত বছর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন অনাহত। এ বার সেই সাফল্যকে ছাপিয়ে ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে হারিয়ে জিতে নিলেন সোনা। এর সঙ্গে ভাঙলেন মিশরের দীর্ঘ ১৬ বছরের আধিপত্য। এত দিন পর কোনও অ-মিশরীয় খেলোয়াড় বিশ্ব জুনিয়র স্কোয়াশের শিরোপা জিতলেন।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করলেও পদক পাননি অনাহত। এ বার কমনওয়েলথ গেমসে স্কোয়াশ না থাকায় খেলার সুযোগও হয়নি। তবে তাঁর নজর এখন আরও বড় মঞ্চে। আগামী অলিম্পিক্সেই দেশের হয়ে পদক জিতে ভারতের স্কোয়াশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই অনাহত সিংহের পরবর্তী লক্ষ্য।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *