একসঙ্গে ছ’টি ‘বিগ বস’!
ভারতের টেলিভিশন ইতিহাসে নজির গড়তে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। প্রথম বার একসঙ্গে ছ’টি ভাষায় সম্প্রচারিত হবে শো-এর নতুন মরসুম। জিওস্টারের ঘোষণা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম— এই ছ’টি সংস্করণ একই সময়ে শুরু হবে। এই অভূতপূর্ব পরিকল্পনার মাধ্যমে উৎসবের মরসুমে সারা দেশের দর্শকদের এক ছাতার তলায় আনার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
সবচেয়ে বেশি চর্চার বিষয়, প্রতিটি ভাষার সংস্করণে থাকছেন সেই অঞ্চলের জনপ্রিয় মুখ। হিন্দি ‘বিগ বস’-এ আবারও সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। তামিলে বিজয় সেতুপতি, তেলুগুতে নাগার্জুন, কন্নড়ে কিচ্চা সুদীপ এবং মালয়ালমে মোহনলাল আগের মতোই দায়িত্ব সামলাবেন। আর বাংলা সংস্করণে প্রথম বার সঞ্চালকের আসনে বসছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, যা বাংলার দর্শকদের কাছে অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে।
জিওস্টারের দাবি, এটি ‘বিগ বস’-এর ইতিহাসে সবচেয়ে বড় বহু-ভাষিক আয়োজন। ছ’টি সংস্করণ একসঙ্গে সম্প্রচারের মাধ্যমে শুধু টেলিভিশন নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকদের কাছে আরও বড় পরিসরে পৌঁছনোর পরিকল্পনা করা হয়েছে। সব ক’টি সংস্করণ দেখা যাবে জিওস্টার নেটওয়ার্কের চ্যানেলগুলিতে এবং জিওহটস্টার প্ল্যাটফর্মে।
এই ঘোষণার সঙ্গে জিওস্টার প্রকাশ করেছে ‘India’s Bigg Reality’ নামে একটি বিশেষ কফি-টেবিল বইও। সেখানে গত দুই দশকে ‘বিগ বস’-এর জনপ্রিয়তা, সাংস্কৃতিক প্রভাব এবং বিজ্ঞাপনদাতাদের কাছে শো-এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছ’টি ভাষার ‘বিগ বস’ মিলিয়ে ৫০ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছেছিল অনুষ্ঠানটি। মোট ভিউয়িং মিনিট ছিল ৪৩৮ বিলিয়নেরও বেশি এবং আগের বছরের তুলনায় দর্শকদের অংশগ্রহণ প্রায় ৪৭ শতাংশ বেড়েছিল। ৬২৫টিরও বেশি ব্র্যান্ড এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছিল।
জিওস্টারের কর্তা মহেশ শেট্টির মতে, গত দুই দশকে ‘বিগ বস’ শুধু একটি রিয়্যালিটি শো নয়, বরং ভারতের বিনোদন জগতের অন্যতম বড় সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে। তাঁর দাবি, একসঙ্গে ছ’টি ভাষায় নতুন মরসুম শুরু হওয়া সেই যাত্রারই সবচেয়ে বড় মাইলফলক। অন্যদিকে, ডিজিটাল বিভাগের প্রধান ভাস্কর রমেশের বক্তব্য, উৎসবের মরসুমে যখন দর্শকদের মনোযোগ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ভাগ হয়ে যায়, তখন ‘বিগ বস’ এখনও সবচেয়ে শক্তিশালী আকর্ষণগুলির একটি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগদান, সলমন খানের প্রত্যাবর্তন এবং একসঙ্গে ছ’টি সংস্করণের সম্প্রচার— সব মিলিয়ে সেপ্টেম্বর থেকেই ‘বিগ বস’কে ঘিরে দেশজুড়ে তৈরি হতে চলেছে নতুন উন্মাদনা। শুধু টেলিভিশনের পর্দায় নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও এই মেগা আয়োজন যে উৎসবের মরসুমের অন্যতম বড় বিনোদন হয়ে উঠবে, তা বলাই যায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?