চোখে সংক্রমণের কথা জানালেন রণবীর কাপুর, বর্ষায় কীভাবে চোখকে সুরক্ষিত রাখবেন?

চোখে সংক্রমণের কথা জানালেন রণবীর কাপুর! ‘রামায়ণ: প্রথম সংকল্প’ ছবির প্রচারে দিল্লির ভারত মণ্ডপমে কালো সানগ্লাস পরে হাজির হন অভিনেতা রণবীর কাপুর। অনুষ্ঠানের মঞ্চেই তিনি জানান, তাঁর চোখে সংক্রমণ হয়েছে।…

July 21, 2026
0 min read

চোখে সংক্রমণের কথা জানালেন রণবীর কাপুর!

‘রামায়ণ: প্রথম সংকল্প’ ছবির প্রচারে দিল্লির ভারত মণ্ডপমে কালো সানগ্লাস পরে হাজির হন অভিনেতা রণবীর কাপুর। অনুষ্ঠানের মঞ্চেই তিনি জানান, তাঁর চোখে সংক্রমণ হয়েছে। সেই কারণেই সানগ্লাস পরে থাকতে হচ্ছে। তবে শুভ মুহূর্তে উপস্থিত থাকতে চেয়েছিলেন বলেই অনুষ্ঠানে যোগ দেন।

রণবীরের এই মন্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, বর্ষাকালে চোখে সংক্রমণ কেন এত বাড়ে? চিকিৎসকদের মতে, বর্ষার আর্দ্র আবহাওয়া ভাইরাস, ব্যাক্টেরিয়া ও ছত্রাকের বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে এই সময় চোখের বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

সবচেয়ে পরিচিত সমস্যা হল কনজাঙ্কটিভাইটিস বা ‘চোখ ওঠা’। এতে চোখ লাল হয়ে যায়, জল পড়ে, চুলকানি, জ্বালাপোড়া এবং পিচুটি জমার মতো উপসর্গ দেখা দিতে পারে। ভাইরাসজনিত সংক্রমণ সবচেয়ে বেশি হলেও অনেক ক্ষেত্রে ব্যাক্টেরিয়ার কারণেও এই সমস্যা হয়।

এ ছাড়াও বর্ষাকালে কর্নিয়াল আলসার হওয়ার আশঙ্কা থাকে। কর্নিয়ায় সংক্রমণ বা ক্ষত তৈরি হলে চোখে তীব্র ব্যথা, আলো সহ্য করতে না পারা, ঝাপসা দেখা এবং কর্নিয়ার উপর সাদা বা ধূসর দাগ দেখা দিতে পারে। বিশেষ করে যাঁরা নিয়ম না মেনে দীর্ঘ সময় কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের ঝুঁকি বেশি।

আরও একটি সাধারণ সমস্যা হল স্টাই বা আঞ্জনি। এতে চোখের পাতায় ছোট ফোলা গুটি তৈরি হয়, ব্যথা ও অস্বস্তি হয়, কখনও পুঁজও বেরোতে পারে।

বর্ষায় চোখের যত্নে কী করবেন?

  • বাইরে বেরোলে সানগ্লাস ব্যবহার করুন, যাতে ধুলো ও জীবাণু সরাসরি চোখে না লাগে।
  • বারবার হাত ধুয়ে নিন এবং নোংরা হাতে চোখ স্পর্শ করবেন না।
  • নিজের তোয়ালে, বালিশ, প্রসাধনী, আই ড্রপ বা কনট্যাক্ট লেন্স অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করবেন না।
  • চোখ লাল হলে বা জল পড়া শুরু হলে কনট্যাক্ট লেন্স ব্যবহার বন্ধ রাখুন।
  • রাস্তার কলের জল দিয়ে চোখ ধোবেন না। পরিষ্কার ও নিরাপদ জল ব্যবহার করুন।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও আই ড্রপ ব্যবহার করবেন না। ভুল ওষুধ সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে।

চিকিৎসকদের মতে, চোখে লালভাব, ব্যথা, অতিরিক্ত জল পড়া, ঝাপসা দেখা বা আলো সহ্য করতে সমস্যা হলে অবহেলা না করে দ্রুত চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা শুরু করলে অধিকাংশ চোখের সংক্রমণই দ্রুত সেরে যায় এবং জটিলতার ঝুঁকিও অনেক কমে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *