বিশ্বকাপ ফাইনালের আগে ভিসা-বিতর্ক!
বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিল আমেরিকার ভিসা নীতি। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য হোয়ান কাপডেভিয়া আর্জেন্টিনা-স্পেন ফাইনাল গ্যালারিতে বসে দেখতে চাইলেও, তাঁর আমেরিকায় প্রবেশের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বিস্মিত হয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কাপডেভিয়া। তার আগে ২০০৮ সালে ইউরো কাপজয়ী দলেও তাঁর বড় ভূমিকা ছিল। তাই এবারের বিশ্বকাপ ফাইনালে পুরনো সতীর্থদের সঙ্গে উপস্থিত থাকার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ভিসা না মেলায় সেই স্বপ্ন এখন অনিশ্চিত।
সমাজমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে কাপডেভিয়া লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প, আমার আপনার সাহায্য প্রয়োজন।” একই সঙ্গে তিনি মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিয়ো এবং স্পেনের ক্রীড়া মন্ত্রকের কাছেও সহযোগিতা চেয়েছেন। তাঁর আশা, কোনও বিশেষ উদ্যোগের মাধ্যমে তিনি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছে বিশ্বকাপ ফাইনাল দেখতে পারবেন।
কিন্তু কেন তাঁর আবেদন বাতিল হল? জানা গিয়েছে, প্রায় এক দশক আগে স্পেনের লা লিগার প্রাক্তন ফুটবলারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি ইরান সফরে গিয়েছিলেন। তেহরানে স্থানীয় প্রাক্তন ফুটবলারদের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচেও অংশ নেন তিনি। সেই সফরই এখন তাঁর জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন ভিসা নীতিতে বলা রয়েছে, ২০১১ সালের ১ মার্চের পর যাঁরা ইরান, ইরাক, সিরিয়া বা কয়েকটি নির্দিষ্ট দেশে সফর করেছেন, তাঁরা সাধারণ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ESTA) ব্যবস্থার মাধ্যমে আমেরিকায় প্রবেশের অনুমতি পান না। তাঁদের আলাদা করে নিয়মিত ভিসার আবেদন করতে হয় এবং সেই আবেদনও অতিরিক্ত যাচাইয়ের মধ্য দিয়ে যায়।
কাপডেভিয়া প্রথমে স্পেনের নাগরিকদের জন্য চালু থাকা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ESTA ব্যবস্থার মাধ্যমেই আবেদন করেছিলেন। কিন্তু তাঁর পুরনো ইরান সফরের তথ্য সামনে আসতেই সেই আবেদন বাতিল করে দেওয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, কাপডেভিয়ার ভারতীয় ফুটবলের সঙ্গেও যোগ রয়েছে। ২০১৪ সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। সেই কারণে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছেও তিনি পরিচিত মুখ।
বিশ্বকাপ ফাইনালের আগে এই ঘটনা নতুন করে আমেরিকার ভিসা নীতিকে আলোচনায় এনে দিয়েছে। এখন দেখার, ট্রাম্প প্রশাসন কোনও বিশেষ অনুমতি দেয় কি না, নাকি স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকাকে টিভির পর্দাতেই ফাইনাল দেখতে হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?