ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি!
দীর্ঘ ২১ দিনের অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে দিল্লির যন্তর-মন্তরের অনশনস্থল থেকে তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, প্রতিবাদে অনির্দিষ্টকালের অনশনে বসার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার ভোরে সাদা পোশাকে পুলিশকর্মীরা অনশনমঞ্চে পৌঁছে জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে যান। তাঁদের আরও দাবি, ঘটনাস্থলে ছবি বা ভিডিও তোলা আটকাতে কাপড় দিয়ে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছিল। যদিও দিল্লি পুলিশের দাবি, এই পদক্ষেপ আদালতের নির্দেশ মেনেই নেওয়া হয়েছে এবং ওয়াংচুকের শারীরিক সুরক্ষার স্বার্থেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সফদরজং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ওয়াংচুককে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, দীর্ঘ সময় উপবাস এবং শরীরে জলশূন্যতার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। যদিও তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবুও সুস্থ হয়ে উঠতে নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন থেকে যন্তর-মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। তার এক সপ্তাহ পরে আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি আদালতের নজরেও আসে।
এর আগে দিল্লি হাই কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, ওয়াংচুকের জীবনরক্ষার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আদালত সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন স্বাস্থ্যপরীক্ষার নির্দেশও দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসার প্রয়োজন হলে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। পুলিশের দাবি, সেই নির্দেশ অনুসারেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ওয়াংচুককে অনশনমঞ্চ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে নিজেও অনশন শুরু করেছেন। তাঁর অভিযোগ, আন্দোলন দমিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে মিছিল ও জমায়েত হবে।
ওয়াংচুকের শারীরিক অবস্থা, পুলিশের পদক্ষেপ এবং আন্দোলনের ভবিষ্যৎ— সব মিলিয়ে রাজধানীর এই ঘটনাপ্রবাহ এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?