সোনম ওয়াংচুককে ঘিরে বাড়ছে উদ্বেগ!
টানা অনশনে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের। এই পরিস্থিতিতে তাঁর অনশন প্রত্যাহারের আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি বলেন, দেশের মানুষের জন্য সোনমের সুস্থ থাকা এখন আন্দোলনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে মহুয়া সোনমকে ‘স্যার’ সম্বোধন করে লেখেন, “সরকার হয়তো আপনার বা কোটি কোটি যুবকের জীবন নিয়ে উদ্বিগ্ন নয়। কিন্তু আমাদের জন্য আপনার বেঁচে থাকা খুবই জরুরি। অনুগ্রহ করে অনশন প্রত্যাহার করুন এবং লড়াই চালিয়ে যান।” তাঁর মতে, এই অনশন ইতিমধ্যেই দেশের অসংখ্য তরুণ-তরুণীকে ন্যায়বিচারের দাবিতে একত্রিত করেছে এবং সেই অর্থে সোনম তাঁর উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হয়েছেন।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রতিবাদে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। মঙ্গলবার সেই অনশন ১৭ দিনে পড়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ অনশনের ফলে তাঁর ওজন ইতিমধ্যেই ৮.২ কেজি কমেছে। রক্তে গ্লুকোজের মাত্রাও নেমে দাঁড়িয়েছে প্রতি ডেসিলিটারে ৬৭ মিলিগ্রাম। তা সত্ত্বেও তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়।
সোমবার আন্দোলনস্থলে গিয়ে সোনমের সঙ্গে দেখা করেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরাও সোনম ও অন্যান্য অনশনকারীদের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে অনশন প্রত্যাহারের আবেদন জানান।
‘ককরোচ জনতা পার্টি’-র নেতৃত্বে নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহির দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে বিক্ষোভ চলছে। প্রথম থেকেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে কেন্দ্রের তরফে সন্তোষজনক উত্তর না এলে তিনি অনশনে বসবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় ২৮ জুন থেকে তাঁর অনশন শুরু হয়।
আন্দোলনকারীদের দাবি, প্রতিদিনই সোনমের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সোমবার প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী তাঁর রক্তচাপ ছিল ১০৭/৭০। ‘ককরোচ’ দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সরকারের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, এই আন্দোলনকে অহংকারের লড়াইয়ে পরিণত না করে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা উচিত। তাঁর বক্তব্য, ভুল স্বীকার করা দুর্বলতার নয়, বরং দায়িত্বশীলতার পরিচয়।
নিজের অনুগামীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, “আমি গান্ধী নই, নায়কও নই। আমি একজন সাধারণ মানুষ। প্রত্যেকে নিজের দায়িত্ব নিজেই পালন করুন এবং নিজের জীবনের নায়ক হয়ে উঠুন।”
এদিকে, আন্দোলন আরও জোরদার করতে আগামী ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও বাড়ছে জল্পনা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?