বৃষ্টির দিনে চায়ের সঙ্গে জমে যাবে ভুট্টার তিন পদ!
বর্ষার দিনে টিপটিপ বৃষ্টি আর এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে কিছু না হলে যেন আড্ডা বা সিনেমা দেখার মজাই অসম্পূর্ণ। তেলেভাজা, পেঁয়াজি কিংবা বেগুনির বাইরে একটু নতুন স্বাদ চাইলে ভুট্টা হতে পারে দারুণ বিকল্প। সুইট কর্ন, বেবি কর্ন কিংবা সাধারণ ভুট্টা— সব দিয়েই তৈরি করা যায় মুখরোচক নাস্তা। রইল তিনটি সহজ ও সুস্বাদু রেসিপি।
১. মুচমুচে বেবি কর্ন পকোড়া
উপকরণ:
- ৮-১০টি বেবি কর্ন
- ১ কাপ বেসন
- ২ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
- ১ চা-চামচ আদা-রসুন বাটা
- ২টি কাঁচালঙ্কা কুচি
- স্বাদমতো নুন
- সামান্য জল
- বিস্কুটের গুঁড়ো (ঐচ্ছিক)
- ভাজার জন্য তেল
প্রণালি:
প্রথমে বেবি কর্ন হালকা নুন জলে সেদ্ধ বা ভাপিয়ে ঠান্ডা করে লম্বালম্বি চিরে নিন। বেসন, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, নুন ও জল মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। বেবি কর্ন ব্যাটারে ডুবিয়ে চাইলে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন। মেয়োনিজ, চিজ ডিপ বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।
২. সুইট কর্ন পকোড়া
উপকরণ:
- ২ কাপ সেদ্ধ সুইট কর্ন
- ½ কাপ বেসন
- ২ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
- ১টি পেঁয়াজ কুচি
- কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি
- গোলমরিচ গুঁড়ো
- স্বাদমতো নুন
- ভাজার জন্য তেল
প্রণালি:
সেদ্ধ সুইট কর্নের জল ভালোভাবে ঝরিয়ে নিন। এর সঙ্গে বেসন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা, গোলমরিচ ও নুন মিশিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট পকোড়ার আকার বানিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। টমেটো সস ও চিলি সস মিশিয়ে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।
৩. কর্ন কবাব
উপকরণ:
- ২ কাপ সেদ্ধ ভুট্টার দানা
- ১টি পেঁয়াজ কুচি
- আদা-রসুন বাটা
- কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি
- ২-৩ টেবিলচামচ বেসন
- চিলি ফ্লেক্স
- স্বাদমতো নুন
- অল্প তেল
প্রণালি:
সেদ্ধ ভুট্টার দানা হালকা চটকে নিন। এর সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা, বেসন, চিলি ফ্লেক্স ও নুন মিশিয়ে মণ্ড তৈরি করুন। গোল বা চ্যাপ্টা কবাবের আকার দিয়ে ননস্টিক তাওয়ায় অল্প তেলে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। পুদিনার চাটনি বা টক-মিষ্টি ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
বৃষ্টিভেজা বিকেলে এই তিনটি কর্নের পদ শুধু স্বাদেই নয়, বৈচিত্র্যেও মন জিতে নেবে। পরিবারের সঙ্গে আড্ডা হোক বা বন্ধুদের চা-আসর— গরম গরম কর্ন পকোড়া বা কবাব মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?