ওউনাহির জোড়া গোলে বিশ্বকাপের শেষ আটে মরক্কো!
বিশ্বকাপে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল মরক্কো। প্রি-কোয়ার্টার ফাইনালে আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে জায়গা করে নিল আফ্রিকার দেশটি। ম্যাচের নায়ক আজ়েদিন ওউনাহি, যিনি জোড়া গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন। আর একটি গোল করেন সউফিয়ান রাহিমি।
স্কোরলাইন একতরফা হলেও ম্যাচের চিত্র ছিল ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল কানাডা। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, মরক্কো ধৈর্য ধরে অপেক্ষা করে সঠিক সময়ে আঘাত হেনে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয়।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন কানাডার তারকা ফরোয়ার্ড জোনাথন ডেভিড। তবে তাঁর শট দুর্দান্ত দক্ষতায় আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এরপর তানি ওলুয়াসেহির শটও রুখে দেন তিনি। প্রথমার্ধে একাধিক আক্রমণে মরক্কোকে চাপে রাখলেও গোল করতে ব্যর্থ হয় কানাডা।
প্রথমার্ধে মরক্কোর জন্য আরও ধাক্কা আসে ইসমাইল সাইবারির চোটে মাঠ ছাড়ার ঘটনায়। টুর্নামেন্টে ইতিমধ্যেই তিন গোল করা এই মিডফিল্ডারের পরিবর্তে নতুন পরিকল্পনা নিতে হয় কোচকে। দুই দলের আক্রমণাত্মক ও শারীরিক ফুটবলের কারণে প্রথমার্ধেই পাঁচটি হলুদ কার্ড দেখান রেফারি।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে কানাডার বক্সের বাইরে ফাউলের সুযোগ কাজে লাগায় মরক্কো। সেট-পিস থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ওউনাহি।
গোল খাওয়ার পর কানাডা ফের আক্রমণের ঝাঁজ বাড়ালেও শেষ পর্যন্ত মরক্কোর রক্ষণ ভাঙতে পারেনি। উল্টে দ্রুত পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোল করে আফ্রিকার দল। মাঝমাঠ থেকে দারুণ আক্রমণ গড়ে ব্রাহিম দিয়াজ়ের পাস থেকে আবারও জালে বল জড়ান ওউনাহি।
শেষ দিকে সউফিয়ান রাহিমির গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয় মরক্কো। ফলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। অন্যদিকে, ভাল ফুটবল খেলেও গোলের অভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল আয়োজক কানাডাকে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?