সলমন খানের ‘মাতৃভূমি’ মুক্তি ঘিরে বাড়ছে জল্পনা!
সলমন খান অভিনীত বহুচর্চিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি ঘিরে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রথমে ছবিটির নাম ঘোষণা করা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নির্মাতারা নাম বদলে রাখেন ‘মাতৃভূমি’। চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। এখনও পর্যন্ত নতুন মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এরই মধ্যে ছবিকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ছবির কিছু অংশ নাকি নতুন করে শুট করা হয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে, ছবিতে ‘চিন’ শব্দের ব্যবহার নিয়ে নির্মাতাদের কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনও সরকারি বক্তব্য সামনে আসেনি।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেন্সর ছাড়পত্র নিয়ে। বিভিন্ন মহলে গুঞ্জন, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) আপাতত ছবিটির সেন্সর ছাড়পত্র স্থগিত রেখেছে। তবে এই দাবিরও এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিতকরণ হয়নি। ফলে বিষয়টি পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে।
আগে শোনা গিয়েছিল, স্বাধীনতা দিবসের সপ্তাহে অগস্ট মাসে ছবিটি মুক্তি পেতে পারে। কিন্তু নির্মাতারা এখনও নতুন মুক্তির দিন ঘোষণা করেননি। একই সঙ্গে সেন্সর সংক্রান্ত গুঞ্জন নিয়েও তাঁরা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
এর আগে ছবির নাম পরিবর্তন নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া। তাঁর বক্তব্য, এটি কোনও আকস্মিক সিদ্ধান্ত ছিল না। শুরু থেকেই ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘মাতৃভূমি’— দু’টি নামই নিবন্ধিত ছিল। পরিচালকের দাবি, ছবিটি শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয়; বরং সীমান্তে কর্তব্যরত সেনাদের আত্মত্যাগ, মানবিকতা এবং দেশপ্রেমের আবেগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। সেই ভাবনাকেই আরও গভীরভাবে তুলে ধরে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নামটি। একই শিরোনামের একটি গানও ছবিতে রয়েছে, যা ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা পেয়েছে বলে জানান তিনি।
এ দিকে, দীর্ঘদিন ধরেই ছবিটির অপেক্ষায় রয়েছেন সলমন খানের অনুরাগীরা। তবে মুক্তির দিন ঘোষণা না হওয়া এবং সেন্সর সংক্রান্ত জল্পনা ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। ফলে এখন সকলের নজর নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এবং সিবিএফসি-র সিদ্ধান্তের দিকেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?