করমর্দন বিতর্ক টেনে বিশ্বকাপের আগে ভারতকে হুঁশিয়ারি আফ্রিদির!
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই চাপা উত্তেজনা। আর বিশ্বকাপের মঞ্চে সেই দ্বৈরথ হলে উত্তাপ আরও কয়েক গুণ বেড়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের এখনও ৩৮ দিন বাকি, তার আগেই বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। হঠাৎ করেই টেনে আনলেন গত সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপের সেই আলোচিত করমর্দন কাণ্ড।
লাহৌরে এক সাংবাদিক সম্মেলনে আফ্রিদি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ভারতীয় দলের দিকে। তাঁর বক্তব্য, ভারতের ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব রয়েছে। নাম করে কাউকে আক্রমণ না করলেও তাঁর ইঙ্গিত ছিল স্পষ্ট— এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে যা ঘটেছিল, তা এখনও ভুলতে পারেননি তিনি।
আফ্রিদির কথায়, “আমাদের কাজ হল ক্রিকেট খেলা। আমরা মাঠেই সব কিছুর জবাব দেব।” তবে সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে আসা ক্রিকেটারদের আচরণ খেলোয়াড়সুলভ ছিল না। এই মন্তব্য স্বাভাবিক ভাবেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে যখন সামনে রয়েছে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ।
এশিয়া কাপে ঠিক কী হয়েছিল?
গত এশিয়া কাপ জুড়ে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো শুধু ব্যাট–বলের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। মাঠের বাইরেও তৈরি হয়েছিল টানাপড়েন। ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানি দলের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন— যা নিয়ে শুরু হয় বিতর্ক। দলের একাধিক ম্যাচেই এই অবস্থান বজায় রাখা হয়। শোনা যায়, এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সূর্যকুমার যাদব-এর, যাঁর পথ অনুসরণ করেন সতীর্থরাও।
মাঠের ভেতরেও উত্তেজনার কমতি ছিল না। পাকিস্তানের হ্যারিস রউফের ‘জেট ক্র্যাশিং’ সেলিব্রেশন কিংবা সাহাবজাদা ফারহানের ‘রাইফেল’ ভঙ্গি বিতর্ক তৈরি করে। শেষ পর্যন্ত আইসিসি হস্তক্ষেপ করে এবং দুই দলের কয়েক জন ক্রিকেটারকে জরিমানা ও সতর্কবার্তা দেয়।
এই সব পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে এনে বিশ্বকাপের আগে ভারতকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আফ্রিদি। যদিও তাঁর নিজের খেলা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি, যার জন্য দেশে ফিরতে হয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর মাঠে নামা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
তবু মুখে মুখে লড়াই শুরু করে দিয়েছেন পাকিস্তানের এই জোরে বোলার। এশিয়া কাপের তিক্ত স্মৃতি যে এখনও তাঁদের মাথায় ঘুরছে, তা স্পষ্ট। এখন দেখার, মাঠে নামলে কথার লড়াই কতটা রূপ নেয় ক্রিকেটের লড়াইয়ে। কারণ ভারত–পাকিস্তান ম্যাচে শেষ পর্যন্ত ইতিহাস লেখে ব্যাট আর বলই।
ভিন্রাজ্যের ভোটারদের স্বস্তি: শুনানিতে হাজিরা নয়, অনলাইনেই জমা দেওয়া যাবে নথি