মঞ্চে উঠলেই কোটি টাকার ঝড়!!
২০২৫ সালটা তমন্না ভাটিয়ার জীবনে যেন রোলার-কোস্টার। এক দিকে কেরিয়ারে একের পর এক হিট গান ও পারফরম্যান্সে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি, অন্য দিকে ব্যক্তিগত জীবনে প্রেম ভাঙার খবরও এসেছে শিরোনামে। বড়দিন থেকে নতুন বছর— উৎসবের মরসুম জুড়েই সমাজমাধ্যমে একা একা নিজের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত টানাপড়েনের মাঝেও কাজের জায়গায় তমন্না যে দুরন্ত ছন্দে, তা আর বলার অপেক্ষা রাখে না।
গত বছর জুড়ে ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’, ‘গুফর’-এর মতো গানে তাঁর নাচ দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। নতুন বছরেও তমন্নার হাতে একাধিক কাজ। আর এই জনপ্রিয়তার সরাসরি প্রতিফলন পড়ছে তাঁর পারিশ্রমিকে। পঁচিশের শেষদিকে এসে তমন্না এখন এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে একেকটি মঞ্চানুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক শুনলে চমকে উঠছেন অনেকেই।
সম্প্রতি বছর শেষের ঠিক আগে গোয়ার এক সমুদ্রসৈকতে আয়োজন করা হয়েছিল একটি বড় মাপের বিনোদনমূলক অনুষ্ঠান। সেই মঞ্চেই পারফর্ম করেন তমন্না। তাঁর সঙ্গে ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, ডিজে চেতস-সহ আরও কয়েক জন জনপ্রিয় শিল্পী। তবে মঞ্চে তমন্না পা রাখতেই দৃশ্যটা বদলে যায়। দর্শকদের উল্লাস, চিৎকার, মোবাইল ক্যামেরার ঝলক— সব মিলিয়ে যেন গোটা অনুষ্ঠানটাই ঘুরে যায় তাঁকে কেন্দ্র করে।
এই অনুষ্ঠানের টিকিটের দামও ছিল বেশ চড়া। তবু তমন্নাকে কাছ থেকে দেখবেন, তাঁর নাচ উপভোগ করবেন— এই আকর্ষণে দর্শকেরা কোনও দ্বিধা করেননি। মঞ্চে তাঁর শরীরী ভাষা, আত্মবিশ্বাস আর অনবদ্য উপস্থিতি মুহূর্তে জমিয়ে তোলে পরিবেশ।
সবচেয়ে চমকপ্রদ তথ্যটি অবশ্য পারিশ্রমিক নিয়ে। জানা গিয়েছে, সেই বর্ষবরণের রাতে মাত্র ছ’মিনিটের একটি নৃত্য পরিবেশনার জন্য তমন্না নিয়েছেন প্রায় ৬ কোটি টাকা! অর্থাৎ, মিনিটপিছু প্রায় ১ কোটি টাকা। বর্তমান সময়ে বলিউড বা দক্ষিণী চলচ্চিত্র জগতের খুব কম অভিনেত্রীই মঞ্চানুষ্ঠানের জন্য এমন অঙ্কের পারিশ্রমিক পান।
ইন্ডাস্ট্রির অন্দরের অনেকের মতে, এটি কেবল নাচের পারিশ্রমিক নয়— এটি তমন্নার ব্র্যান্ড ভ্যালুর প্রতিফলন। দীর্ঘ কেরিয়ার, একাধিক ভাষায় কাজ, ধারাবাহিক হিট গান এবং বিপুল অনুরাগী— সব মিলিয়েই তিনি এখন আয়োজকদের প্রথম পছন্দ। তাই একটি অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে হলে তমন্নার নামই যথেষ্ট।
২০২৬ সালেও তমন্নার ঝুলিতে রয়েছে নতুন ছবি, নতুন গান ও নানা প্রজেক্ট। কাজের গতি আর জনপ্রিয়তার এই রেখচিত্র দেখলে বোঝাই যাচ্ছে, আগামী দিনেও তাঁর পারিশ্রমিক নিয়ে আলোচনা থামার নয়। মঞ্চে উঠলেই কোটি টাকার ঝড়— তমন্না ভাটিয়া এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে।