‘ভাসান বাপি’ থেকে বড় পর্দার নায়ক! রাজের ছবিতে রোহনের নতুন ইনিংস?

রাজের ছবিতে রোহনের নতুন ইনিংস? টলিউডে এখন গুঞ্জনের ঝড়। টেলিভিশনের পর এবার কি বড়পর্দায় বাজিমাত করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য? দেবের ছবি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে মঞ্চ মাতানোর…

August 13, 2025
1 min read

রাজের ছবিতে রোহনের নতুন ইনিংস?

টলিউডে এখন গুঞ্জনের ঝড়। টেলিভিশনের পর এবার কি বড়পর্দায় বাজিমাত করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য? দেবের ছবি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে মঞ্চ মাতানোর পর থেকেই তাঁর চারদিকে শুরু হয়েছে নতুন জল্পনা।

‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে ‘ভাসান বাপি’ নামেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন রোহন। তার আগে থেকেই অবশ্য অভিনয়ে ছিলেন তিনি। ‘ভজ গোবিন্দ’, ‘অপরাজিতা অপু’, ‘তুমি আশেপাশে থাকলে’-র মতো ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করেছেন। বড়পর্দাতেও কাজ করেছেন, যেমন ‘মন শুধু তোকে চায়’, ‘জামাইবরণ’, ‘ব্ল্যাকমেইল’। তবে ২০২৩ সালে ‘বাঘা যতীন’ ছবিতে বিপ্লবীর চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন।

তবুও এতদিন বড়পর্দায় কোনও উল্লেখযোগ্য লিড চরিত্রে তাঁকে দেখা যায়নি। এবার সেই ছবিটাই বদলাতে চলেছে বলেই শোনা যাচ্ছে। পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর আগামী ছবিতে নাকি রোহন ভট্টাচার্য থাকছেন মুখ্য ভূমিকায়!

সম্প্রতি নজরুল মঞ্চে দেবের ছবির ট্রেলার লঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোহন। সেখানে তাঁর সাবলীল উপস্থাপনা, আত্মবিশ্বাস ও মঞ্চ দখলের ক্ষমতা অনেকের নজর কেড়েছে। পরের দিন থেকেই গুঞ্জন— রাজ চক্রবর্তী নাকি রোহনকে নিয়ে ভাবতে শুরু করেছেন নিজের আগামী ছবির নায়ক হিসেবে।

অবশ্য এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ রোহন বা রাজ, কারোরই তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। রোহনের ফোনে পাওয়া যায়নি, রাজ চক্রবর্তীর দিক থেকেও মেলে নি স্পষ্ট উত্তর। তবে রাজের সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে এসেছে “নতুন চমক” আনার ইঙ্গিত।

এদিকে রোহনের সাম্প্রতিক পরিবর্তিত লুক নিয়েও বেশ আলোচনা হচ্ছে। নজরুল মঞ্চে দেখা গিয়েছে তিনি এখন ঘন গোঁফে নতুন চেহারায় ধরা দিয়েছেন— যা তাঁর আগের ছিমছাম চেহারার থেকে অনেক বেশি পরিণত, রাফ-অ্যান্ড-টাফ নায়কের ইমেজে মানানসই। ফলে অনেকেই মনে করছেন, রাজের ছবির চরিত্রের জন্যই কি এই রূপান্তর?

রোহন নিজেও অবশ্য বসে নেই। সদ্য তিনি শেষ করেছেন পরিচালক শৌভিক দে-র ছবি ‘ব্রহ্মার্জুন’-এর শুটিং, যেখানে তাঁকে অ্যাকশন অবতারে দেখা যাবে। অর্থাৎ, পরপর বড়পর্দার কাজ নিয়ে তিনি এখন ব্যস্ত।

সব মিলিয়ে টেলিভিশন থেকে বড়পর্দার দিকে রোহনের অগ্রযাত্রা যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে, তা বলাই যায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় তিনি যদি সত্যিই নায়ক হিসেবে আসেন, তবে সেটাই হতে পারে তাঁর কেরিয়ারের বড় ব্রেক।

তবে এখনই কিছু বলার সময় নয়, অপেক্ষা শুধু রাজের ঘোষণার। আর দর্শকেরা? তাঁরা আগ্রহভরে তাকিয়ে ‘ভাসান বাপি’র নতুন রূপের দিকে।

কয়েক সপ্তাহ ধরে নতুন অভ্যাস শুরু করেছেন সোহা আলি খান, শরীর ভালো রাখতে খালি পেটে কী খান তিনি?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *