‘দুর্বল’ বলেছিলেন, হার মানলেন! ডি গুকেশের কাছে হারেই হতাশ কার্লসেন, জানালেন দাবা খেলতেই ভাল লাগছে না

ডি গুকেশের কাছে হারেই হতাশ কার্লসেন, জানালেন দাবা খেলতেই ভাল লাগছে না! মাত্র ২৪ ঘণ্টা আগেই ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশকে "দুর্বল প্রতিপক্ষ" বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু…

July 4, 2025
1 min read

ডি গুকেশের কাছে হারেই হতাশ কার্লসেন, জানালেন দাবা খেলতেই ভাল লাগছে না!

মাত্র ২৪ ঘণ্টা আগেই ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশকে “দুর্বল প্রতিপক্ষ” বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। আর তার ঠিক পরদিনই সেই ‘দুর্বল’ দাবাড়ুর কাছেই হার স্বীকার করতে হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের কার্লসেনকে। ক্রোয়েশিয়ার জাগ্রেবে অনুষ্ঠিত সুপার ইউনাইটেড র‌্যাপিড ও ব্লিৎজ় প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ডে মাত্র ৪৯টি চালে গুকেশের হাতে পরাস্ত হলেন তিনি।

এটা প্রথম নয়, এর আগেও নরওয়ে ক্লাসিক দাবা প্রতিযোগিতায় ক্লাসিক্যাল ফর্ম্যাটে কার্লসেনকে হারিয়ে দিয়েছিলেন গুকেশ। এক মাসের মধ্যে দু’টি ভিন্ন ফরম্যাটে বিশ্বের সেরা দাবাড়ুকে হারিয়ে দিয়ে যেন নিজেকে প্রমাণ করলেন ভারতের এই নবীন বিশ্বচ্যাম্পিয়ন। বৃহস্পতিবারের এই জয় শুধু গর্বের বিষয় নয়, গুকেশকে প্রতিযোগিতার শীর্ষস্থানেও পৌঁছে দেয়। পাঁচটি ম্যাচে টানা জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি।

এই হারের পর মিডিয়ার মুখোমুখি হয়ে হতাশার সুরেই কথা বলেন কার্লসেন। নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, “সত্যি বলতে, এখন দাবা খেলতেই আমার ভাল লাগছে না। খেলার সময় কোনও মজা পাচ্ছি না। চাল দেওয়ার সময় নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ হচ্ছে। খুব খারাপ অবস্থায় আছি।” কার্লসেনের মতো দাবাড়ুর মুখে এমন হতাশাজনক স্বীকারোক্তি নিঃসন্দেহে বিস্ময়ের।

তবে এই হতাশার আগেই ছিল অহংকারের প্রকাশ। গুকেশকে নিয়ে কার্লসেন বলেছিলেন, “গুকেশ সম্ভবত এই প্রতিযোগিতার দুর্বলদের মধ্যে অন্যতম।” শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, “ও এখনও প্রমাণ করতে পারেনি যে এই ফরম্যাটের অন্যতম সেরা দাবাড়ু। গুকেশ এমন কিছুই করেনি, যাতে মনে হয় সে এই টুর্নামেন্টে ভাল কিছু করতে পারবে।”

কিন্তু গুকেশ প্রমাণ করেছেন, কথার জবাব মুখে নয়, চালেই দিতে হয়। সেইভাবেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েও নিজের দক্ষতা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন তিনি। কার্লসেনের বিপক্ষে এই জয়ের মাধ্যমে যেন গুকেশ আরও একবার বুঝিয়ে দিলেন, তিনি হঠাৎ করে সাফল্যে পৌঁছননি—বরং ধাপে ধাপে, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের মাধ্যমে উঠেছেন এই উচ্চতায়।

নিজের প্রতিপক্ষের প্রশংসা করতেও কার্লসেন শেষমেশ বাধ্য হন। বলেন, “ও দারুণ খেলছে। এখনও অনেক পথ বাকি থাকলেও পর পর পাঁচটা গেম জেতা মুখের কথা নয়।” গুকেশ যদিও কার্লসেনের সমালোচনার প্রত্যুত্তর মুখে দেননি। বরং ৬৪ ঘরে চাল দিয়েই বুঝিয়ে দিয়েছেন, কে আজকের দাবার আসল ‘রাজা’।

ভারতের ব্রহ্মস হামলায় আতঙ্কিত পাকিস্তান, ‘ভয়ঙ্কর পরিস্থিতি’র কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *