৬০০ টেস্টে ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ হল আরও একটি ঐতিহাসিক অধ্যায়। ১৯৩২ সালের ২৫ জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর ৬০০তম টেস্টে পৌঁছতে ভারতের সময় লাগল ৯৪ বছর। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর বিশ্বের তৃতীয় দেশ হিসাবে এই নজির গড়ল ভারত।
তবে ৬০০তম টেস্টের আগে ভারতের ১০০, ২০০, ৩০০, ৪০০ এবং ৫০০তম টেস্টের ফলাফলও বেশ তাৎপর্যপূর্ণ।
ভারতের মাইলফলক টেস্টগুলির ফল এক নজরে
| টেস্ট | বছর | প্রতিপক্ষ | অধিনায়ক | ফল |
|---|---|---|---|---|
| ১০০তম | ১৯৬৭ | ইংল্যান্ড | মনসুর আলি খান পতৌদি | ১৩২ রানে হার |
| ২০০তম | ১৯৮২ | পাকিস্তান | সুনীল গাওস্কর | ড্র |
| ৩০০তম | ১৯৯৬ | দক্ষিণ আফ্রিকা | সচিন তেন্ডুলকর | ৬৫ রানে জয় |
| ৪০০তম | ২০০৬ | ওয়েস্ট ইন্ডিজ় | রাহুল দ্রাবিড় | ৪৯ রানে জয় |
| ৫০০তম | ২০১৬ | নিউ জ়িল্যান্ড | বিরাট কোহলি | ১৯৭ রানে জয় |
১০০তম টেস্টে বড় হার
১৯৬৭ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০তম টেস্ট খেলেছিল ভারত। প্রথম ইনিংসে মাত্র ৯২ রানে অলআউট হওয়ার পর চতুর্থ ইনিংসে ৪১০ রানের লক্ষ্য পেয়েছিল পতৌদির দল। অজিত ওয়াদেকর ৭০ রান করলেও ভারত হারে ১৩২ রানে।
২০০তম টেস্টে ড্র
১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ২০০তম টেস্ট। জাহির আব্বাসের ২১৫ রানের ইনিংসে পাকিস্তান প্রথম ইনিংসে ৪৮৫ রান করে। ভারত জবাবে ৩৭৯ রান করে। মহিন্দর অমরনাথ অপরাজিত ১০৯ এবং সুনীল গাওস্কর ৮১ রান করেন। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
৩০০তম টেস্টে জয়
১৯৯৬ সালে অহমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসে ভারতের প্রথম মাইলফলক জয়। সচিন তেন্ডুলকরের নেতৃত্বে ভারত ৬৫ রানে জেতে। দ্বিতীয় ইনিংসে জাভাগল শ্রীনাথ ৬ উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক হন। এই টেস্টেই অভিষেক হয়েছিল ভিভিএস লক্ষ্মণের।
৪০০তম টেস্টেও জয়
২০০৬ সালে সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪০০তম টেস্টে ৪৯ রানে জয় পায় রাহুল দ্রাবিড়ের ভারত। প্রথম ইনিংসে হরভজন সিংহের ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলের ৬ উইকেট জয়ের ভিত তৈরি করে।
৫০০তম টেস্টে বিরাটের জয়
২০১৬ সালে কানপুরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫০০তম টেস্টে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ১৯৭ রানে জয় পায়। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মুরলি বিজয়, চেতেশ্বর পুজারা এবং রোহিত শর্মারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
অর্থাৎ, ১০০তম টেস্টে হার থেকে ২০০তম টেস্টে ড্র, আর ৩০০তম থেকে ৫০০তম—টানা তিন মাইলফলকে জয়। এখন ৬০০তম টেস্টে শুভমন গিলের ভারত সেই জয়ের ধারাকে আরও এগিয়ে নিতে পারে কি না, সেটাই দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।